পুজোর মরসুমে রাজ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ডেঙ্গির মরসুম শুরুর আগেই বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা। আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, ২০২৭ সালে আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ সাধারণ মানুষের কাছে এই প্রতিষেধক পৌঁছবে।
তবে ডেঙ্গির টিকা মানুষের কাছে পৌঁছনোর আগে তৃতীয় ট্রায়াল রয়েছে। সেই ট্রায়ালের ফল যদি সন্তোষজনক হয় এবং প্রয়োজনীয় অনুমোদন যদি পাওয়া যায়, তাহলেই নির্ধারিত সময়ের মধ্যে বাজারে ডেঙ্গির টিকা মিলবে। এই টিকার নাম ডেঙ্গিকল। ভারতীয় প্রযুক্তিতে আইসিএমআর এবং প্যানাসিয়া বায়োটেক যৌথভাবে এই টিকা তৈরি করেছে।
ডেঙ্গিঅল একটি দুর্বল করা জীবন্ত ভাইরাস-ভিত্তিক টিকা। ডেঙ্গির চার ধরনের ভাইরাস ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪-এর প্রতিরোধ গড়ে তোলার জন্য এই টিকা তৈরি করা হয়েছে। এই প্রতিষেধককে এক ডোজের টিকা হিসেবে তৈরি করা হচ্ছে। ২০২৪ সালে দেশের ১৯টি কেন্দ্রে ১০ হাজার ৩৩৫ জনকে নিয়ে ডেঙ্গিকলের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল।
সেই তৃতীয় ট্রায়ালের ফল ও পরবর্তী অনুমোদন এখনও বেরোয়নি। বর্তমানে সেই পরীক্ষার ফলাফলের দিকেই সকলের নজর রয়েছে। স্বাস্থ্য দপ্তরের তালিকায় রাজ্যের ৮৫টি ব্লক, ২৭৮টি গ্রাম পঞ্চায়েত এবং ২৯টি পুরসভাকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুজোর আগে এই এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। যাতে জল জমে মশার উপদ্রব না হয়।
আরও পড়ুন: বিচারাঙ্গনের কিংবদন্তির ফিরে আসা, হাইকোর্টের বার লাইব্রেরিতে অমর হলেন অশোক কুমার সেন
রবিবার কলকাতায় আইসিএমআর-এর ডিজি একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ডেঙ্গি টিকার দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। সেই পরীক্ষার প্রথম দফার ফলাফলও আশানুরূপ হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, টিকা ভালো কাজ করছে। তৃতীয় দফার ট্রায়াল বাকি। সেই ট্রায়াল শেষ হতে সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।








Leave a Comment