মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত বিচার ও আপস-মীমাংসার পথে আরও এক বড় পদক্ষেপ। তৃতীয় জাতীয় লোক আদালত, ২০২৬ সালে রাজ্যজুড়ে মোট ৫ লক্ষ ২৬ হাজার ১৫৬টি মামলা গ্রহণ করা হয়। তার মধ্যে ৪ লক্ষ ৪৬ হাজার ৮১১টি মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে নিষ্পত্তির আর্থিক পরিমাণ প্রায় ৫৯৪ কোটি টাকা।
স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তথ্য অনুযায়ী, প্রি-লিটিগেশন পর্যায়ে ২ লক্ষ ৭৮ হাজার ৯৭৪টি মামলা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ২ লক্ষ ১১ হাজার ৭০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই পর্যায়ে মীমাংসিত অর্থের পরিমাণ ৩১৮ কোটি টাকারও বেশি।
অন্যদিকে, বিচারাধীন মামলার ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য। মোট ২ লক্ষ ৪৭ হাজার ১১৯টি বিচারাধীন মামলা লোক আদালতের আওতায় আনা হয়। তার মধ্যে ২ লক্ষ ৩৪ হাজার ৯০৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।
তৃতীয় জাতীয় লোক আদালতের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তথা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, পশ্চিমবঙ্গের প্যাট্রন-ইন-চিফ বিচারপতি বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট, সপ্তাহের শুরুতে ভিজবে কলকাতা!
কলকাতার সিটি সিভিল কোর্টে আয়োজিত অনুষ্ঠানে বিচারব্যবস্থার বাইরে দ্রুত, সহজ ও পারস্পরিক সম্মতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে লোক আদালতের ভূমিকা ফের সামনে এল। বিপুল সংখ্যক মামলা একসঙ্গে নিষ্পত্তির এই পরিসংখ্যান রাজ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকারিতারও বড় প্রমাণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Leave a Comment