---Advertisement---

‘বিশিষ্টদের দিয়েই দুর্গাপুজোর সূচনা করানো উচিত’, উদ্বোধন নিয়ে পথ দেখালেন দিলীপ

By kolamkotha.com

September 13, 2026 3:10 PM

‘বিশিষ্টদের দিয়েই দুর্গাপুজোর সূচনা করানো উচিত’, উদ্বোধন নিয়ে পথ দেখালেন দিলীপ

---Advertisement---


আর একমাস পরই দুর্গাপুজো। ইতিমধ্যেই বিগ বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির মণ্ডপ তৈরির কাজ মধ্যগগনে। কদিনের মধ্যেই এসে পড়বে মহালয়া। পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে। এই আবহে বড় খ্যাতনামা পুজোগুলি উদ্বোধন হতে শুরু করবে। আগে মুখ্যমন্ত্রীকে দেখা যেত পুজো উদ্বোধনে। এখন পালাবদলের বঙ্গে দুর্গাপুজোর সঙ্গে রাজনীতির যোগ থাকুক তা চান না বিজেপি নেতা-মন্ত্রীরা। এই নিয়ে আগেই সতর্ক করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দুর্গাপুজোর মধ্যে রাজনীতি প্রবেশ যেন না করে বলেই সওয়াল করেছিলেন তিনি। তাহলে দুর্গাপুজো উদ্বোধন করবেন কাজের দিয়ে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। এবার তা নিয়ে পথ দেখালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় রাজ্যে দুর্গাপুজো বা অন্যান্য উৎসবে রাজনৈতিক নেতাদের দিয়ে উদ্বোধন করানোর চল ছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপুজোর মুখোমুখি হতে চলেছে পশ্চিমবঙ্গ। তার আগে রাত পোহালেই সোমবার গণেশপুজো। এই আবহেই পুজোর মঞ্চ থেকে রাজনীতিকে দূরে রাখার কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য, দুর্গাপুজোর মধ্যে রাজনীতি যেন প্রবেশ না করে সেটা সকলকে খেয়াল রাখতে হবে। দুর্গাপুজো তার নিজস্বতা বজায় রেখে হবে। এখানে রাজনীতি ঢোকা উচিত নয়। আর এবার দিলীপ ঘোষ বলেন, ‘উৎসবের সূচনায় রাজনৈতিক নেতাদের বদলে স্থান দেওয়া হোক সমাজের গুণীজন এবং স্বনামধন্য ব্যক্তিত্বদের।’

রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে শরীরচর্চা করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে বিতর্কের অবসান ঘটিয়ে পথ দেখান তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, ‘আমি নিজে কোনও রাজনৈতিক নেতাদের পুজোয় যোগ দিচ্ছি না। তৃণমূল জমানায় ক্লাবের পুজো মানেই মমতার যাওয়া-আসা কিংবা দলীয় প্রভাবশালী মন্ত্রী এবং জেলা নেতাদের দাপট অত্যন্ত চেনা দৃশ্য ছিল। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন শুভেন্দু অধিকারীর সরকার বাংলার দুর্গাপুজোকে রাজনীতিমুক্ত করে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে।’

তাছাড়া দুর্গাপুজো থেকে রাজনীতি সরে যাওয়া উচিত বলে মনে করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। তাই রাজনৈতিক নেতাদের পুজো এড়িয়ে চলাও উচিত বলে মনে করেন তিনি। তাই তো তিনি কোনও রাজনৈতিক নেতার পুজোয় যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। দিলীপ ঘোষের কথায়, ‘দেশ ও সমাজের গর্ব পদ্মভূষণ বা পদ্মবিভূষণপ্রাপ্ত বিশিষ্টদের দিয়েই দুর্গাপুজোর সূচনা করানো উচিত। আগের সরকারের আমলে সম্মানিত হয়েছেন কিন্তু কোনও প্রত্যক্ষ রাজনৈতিক দলদাসের তকমা নেই এমন গুণীদেরও পুজোয় আমন্ত্রণ করা যেতে পারে।’

---Advertisement---

No comments to show.

Leave a Comment