সামনেই দুর্গাপুজো। আর তা নিয়ে নানা পরিকল্পনা করে ফেলেছেন সুরাপ্রেমীরা। এবার দুর্গাপুজোর সময় একদিন রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে সেটা তাঁরা আগেই জানতে পেরেছেন। তখনই সেকেন্ড লাইন অফ ডিফেন্স তৈরি করে ফেলেন সুরাপ্রেমীরা। এবার তাতেও পড়ল কোপ। কারণ দুর্গাপুজোর প্রাক্কালেই বাড়তে চলেছে মদের দাম। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অক্টোবর মাস থেকেই বিদেশি, দেশি মদ এবং বিয়ার এই তিন ধরনের মদের ক্ষেত্রেই নতুন দামের কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এখনও জানানো হয়েনি মদের দাম কতটা বাড়ছে। তবে এই দামবৃদ্ধির খবর পেয়ে সুরাপ্রেমীরা বলছেন, ‘মেরেছো কী কলসির কানা তা বলে কি প্রেম দেব না’।
পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড সাম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে সরাসরি মূল্যবৃদ্ধির হার জানানো না হলেও আগামী ১ অক্টোবর থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর করার কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকী কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও নতুন করে তার নথিভুক্তি করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা হবে। ঠিক তার আগেই গোটা রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে। শুধু তাই নয়, বারেও মদ পাওয়া যাবে না। এই আবহে রাজ্যজুড়ে মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আবগারি দপ্তর।
এই খবর ভাল লাগেনি সুরাপ্রেমীদের। আগে থেকে মদের বোতল তুলে রাখার যে পরিকল্পনা করেছিলেন তাতে কোপ পড়ল। সুতরাং আগে থেকে মদের বোতল তুলতে গেলেও বেশি দামই দিতে হবে। তাতে সুরাপ্রেমীদের পকেটে চাপ পড়বে। তাই এখন নতুন কোনও পরিকল্পনা করতে হবে সুরাপ্রেমীদের। কারণ দুর্গাপুজোর আগে এমন খারাপ খবর শুনতে হবে সেটা তাঁরা ভাবেননি। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরে গত ৩ সেপ্টেম্বর বৈঠক হয়। সেখানে দেশি-বিদেশি মদ, বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নিয়ে নানা সংস্থা এবং প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা হয়। তখনই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তাছাড়া প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের পরই অক্টোবর মাসের শুরু থেকেই মদের বাজারে নতুন দাম কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্গাপুজোর সময় মদের বিক্রি রাজ্যের আবগারি রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাই উৎসবের মরসুমের প্রাক্কালে এই পদক্ষেপের বিশেষ তাৎপর্য। ওই বিজ্ঞপ্তিতে পুরনো সর্বোচ্চ খুচরো মূল্যের মজুত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, দোকানে থাকা পুরনো দামের মদ এখন বোতল-লেবেল নথিভুক্তির বৈধতা থাকা পর্যন্ত বিক্রি করা যাবে। তবে কোন মদের কী দাম হবে সেই মূল্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। তবে অক্টোবর মাসেই কার্যকর হতে চলেছে নতুন দাম।
Leave a Comment