জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোসহ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল গণভোটকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের ভোটে গঠিত সংসদই সংবিধান অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ প্রতিষ্ঠান।
মন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি ও সংবিধানের কাঠামোর মধ্যে নির্বাচিত সংসদের বিকল্প কোনো কর্তৃপক্ষ জনগণ মেনে নেবে না। কোনো বিষয়ে বিতর্ক থাকলে তার সমাধানের জায়গা সংসদ বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি
Leave a Comment