---Advertisement---

স্থানীয় নির্বাচনকে ঘিরে বাড়ছে আলোচনা: জনরায়ের মুখোমুখি সম্ভাব্য প্রার্থীরা

By Suman Debnath

August 1, 2026 10:55 AM

স্থানীয় নির্বাচনকে ঘিরে বাড়ছে আলোচনা: জনরায়ের মুখোমুখি সম্ভাব্য প্রার্থীরা

---Advertisement---


স্থানীয় নির্বাচনকে ঘিরে বাড়ছে আলোচনা: জনরায়ের মুখোমুখি সম্ভাব্য প্রার্থীরা


সুনামগঞ্জ প্রতিবেদক: তাহিরপুর হাওরের জলরাশি যখন আকাশের রঙ ধারণ করে, যাদুকাটার ঢেউ যখন পাথারের বুক ছুঁয়ে দূর দিগন্তে হারিয়ে যায়,তখন এই জনপদের মানুষও বুকভরা স্বপ্ন নিয়ে তাকিয়ে থাকে আগামীর দিকে। ফসল রক্ষা বাঁধের ওপর ভর করে কৃষকের স্বপ্ন বাঁচে,নদীর স্রোতে ভেসে চলে জেলে ও শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম,আর সীমান্তের শুল্কস্টেশন ঘিরে আবর্তিত হয় হাজারো পরিবারের জীবিকা। প্রকৃতি,সংগ্রাম,সম্ভাবনা আর প্রত্যাশার এই জনপদে আবারও শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ—কে হবেন আগামী দিনের স্থানীয় নেতৃত্বের মুখ?

জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এখন নতুন করে আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। তফসিল ঘোষণার আগেই তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পরিষদকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কেউ জনসংযোগ বাড়াচ্ছেন,কেউ সামাজিক কর্মকাণ্ডে সরব হচ্ছেন,আবার কেউ নীরবে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে নেতৃত্বের মুকুট উঠবে,তার সিদ্ধান্ত নেবে জনগণ।

তাহিরপুরের নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; এটি একটি জনপদের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। কারণ এই উপজেলার মানুষের জীবন-জীবিকা,অর্থনীতি,কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ এবং পর্যটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্ত ও ভূমিকা। হাওরাঞ্চলের মানুষের কাছে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি হলো ফসল রক্ষা বাঁধ। প্রতিবছর বোরো মৌসুমে হাজার হাজার কৃষক তাদের সারা বছরের স্বপ্ন তুলে দেন বাঁধের নিরাপত্তার ওপর। একটি দুর্বল বাঁধ, একটি অনিয়ম কিংবা একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই হাজারো পরিবারের জীবন-জীবিকাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। অতীতের অভিজ্ঞতা কৃষকদের শিখিয়েছে,ফসল রক্ষার প্রশ্নে অবহেলার কোনো সুযোগ নেই। ফলে ভোটাররা এবার দেখতে চাইবেন, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কারা এই ইস্যুতে দায়িত্বশীল এবং কারা শুধু মৌসুমি বক্তব্যে সীমাবদ্ধ। একইভাবে যাদুকাটা,পাটলাই ও মাহরাম নদী তাহিরপুরের প্রাণপ্রবাহ। এই নদীগুলো শুধু পানি বহন করে না;বহন করে এলাকার অর্থনীতি, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও মানুষের অস্তিত্বের গল্প। কিন্তু অবৈধ বালু উত্তোলন, নদীর নাব্যতা সংকট, ভাঙন এবং পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগও দিন দিন বাড়ছে। স্থানীয় মানুষ জানতে চান—যারা নেতৃত্বের স্বপ্ন দেখছেন, তারা এই নদীগুলোর ভবিষ্যৎ রক্ষায় কতটা আন্তরিক?

আরও পড়ুন:  মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। প্রতিবছর লাখো পর্যটক এখানে আসেন। পর্যটনের বিস্তারে স্থানীয় অর্থনীতি যেমন লাভবান হচ্ছে, তেমনি পরিবেশগত চাপও বাড়ছে। হাউসবোটের বর্জ্য,শব্দদূষণ,জীববৈচিত্র্যের ওপর প্রভাব এবং হাওর ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তাই ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—কে উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারবেন।

তাহিরপুরের অর্থনীতিতে সীমান্ত বাণিজ্যেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বড়ছড়া, চারাগাঁওসহ বিভিন্ন শুল্কস্টেশনকে ঘিরে হাজারো শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহনকর্মীর জীবন-জীবিকা আবর্তিত হয়। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা, ব্যবস্থাপনাগত জটিলতা এবং উন্নয়ন ঘাটতির কারণে এসব সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। ফলে স্থানীয় ব্যবসায়ী সমাজও এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যারা সীমান্ত অর্থনীতিকে আরও গতিশীল করতে পারবেন।এদিকে শিক্ষা,স্বাস্থ্যসেবা,সড়ক যোগাযোগ,কর্মসংস্থান এবং মাদক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোও ক্রমেই ভোটারদের বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতার প্রশ্নে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সচেতন।

আরও পড়ুন:  ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

রাজনীতির মাঠে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা যতই বাড়ুক, তাহিরপুরের মানুষ এখন শুধু রাজনৈতিক পরিচয় দিয়ে কাউকে মূল্যায়ন করতে রাজি নন। তারা খুঁজছেন এমন নেতৃত্ব,যারা সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, জনস্বার্থের প্রশ্নে আপস করেননি এবং ব্যক্তিস্বার্থের চেয়ে এলাকার স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে ভোটারদের পর্যবেক্ষণও অনেক গভীর। একজন সম্ভাব্য প্রার্থীর অতীত কর্মকাণ্ড,সামাজিক ভূমিকা, জনসম্পৃক্ততা এবং বিতর্কিত অবস্থান সবকিছুই এখন জনসমক্ষে দৃশ্যমান। ফলে শুধু পোস্টার, ব্যানার কিংবা শোডাউন দিয়ে জনআস্থা অর্জন করা আগের মতো সহজ নয়।

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনও ঘোষণা হয়নি। কিন্তু জনমতের আদালত ইতোমধ্যেই বসে গেছে। সম্ভাব্য প্রার্থীদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি ভূমিকা নীরবে পর্যবেক্ষণ করছে জনগণ। কেউ জনপ্রিয়তার হিসাব কষছেন, কেউ রাজনৈতিক সমর্থনের, আবার ভোটাররা হিসাব কষছেন কাজের।কারণ তাহিরপুরের মানুষ এখন শুধু নেতা খুঁজছেন না; খুঁজছেন একজন দায়িত্বশীল অভিভাবক। তারা শুধু প্রতিশ্রুতি নয়, দেখতে চান বাস্তব ফলাফল। তারা শুধু স্লোগান নয়, খুঁজছেন সততা ও জবাবদিহিতা।তাই স্থানীয় নির্বাচনের আগাম সমীকরণে আজ সবচেয়ে বড় সত্য হলো—সম্ভাব্য প্রার্থীরা মাঠে থাকলেও প্রকৃত ক্ষমতা জনগণের হাতে। আর শেষ পর্যন্ত ব্যানার, পোস্টার, মিছিল কিংবা রাজনৈতিক শোডাউন নয়, জনতার আস্থাই নির্ধারণ করবে কার হাতে উঠবে তাহিরপুরের নেতৃত্বের পতাকা।কারণ গণতন্ত্রে শেষ কথা বলে জনরায়, আর সেই জনরায়ের মুখোমুখি আজ সব সম্ভাব্য প্রার্থী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment