---Advertisement---

যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল! দিনক্ষণ প্রায় চূড়ান্ত, ফুটবল উন্মাদনায় মাততে চলেছে কলকাতা

By Suman Debnath

July 30, 2026 3:15 PM

যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল! দিনক্ষণ প্রায় চূড়ান্ত, ফুটবল উন্মাদনায় মাততে চলেছে কলকাতা

---Advertisement---


বাংলার ফুটবলপ্রেমীরা যে খবরের আশায় বসে রয়েছেন, সেই খবরই আসতে চলেছে তাঁদের কাছে। সব কিছু ঠিকঠাক চললে আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

যদিও এখনও ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এই খবর সরকারি ভাবে ঘোষণা করেনি, তবে ব্রাজিলের সংবাদমাধ্যম জিই গ্লোবো-র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬-এ তাদের জাতীয় দলের আন্তর্জাতিক সূচির অংশ হিসেবেই ভারতে খেলতে আসবে সেলেসাও। অস্ট্রেলিয়ায় তারা দুটি ম্যাচ খেলবে এবং কলকাতায় একটি। অস্ট্রেলিয়ার ম্যাচগুলি হবে ২৫ ও ২৯ সেপ্টম্বের যথাক্রমে টাউন্সভিল ও ব্রিসবেনে। তার পরে তারা কলকাতায় আসবে সফরের তৃতীয় ম্যাচটি খেলতে।

সবচেয়ে বড় প্রশ্ন, টিকিট নিয়ে। যুবভারতীর ৬৫ হাজার আসনের সব টিকিট কি সাধারণ দর্শকদের জন্য ছাড়া হবে? সেই জল্পনায় জল ঢেলে আয়োজনের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, প্রায় ৫০ হাজার টিকিট সাধারণ দর্শকদের জন্য বিক্রি করা হবে। বাকি টিকিট রাখা হবে স্পনসর, অতিথি, ভিআইপি এবং বিভিন্ন অনুমোদিত বাণিজ্যিক সংস্থার জন্য। ফলে মাঠে বসে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখার সুযোগ তৈরি হতে চলেছে।

আরও পড়ুন:  রোহিতের ভবিষ্যৎ ঘিরে জল্পনায় ক্ষুব্ধ বিসিসিআই! নির্বাচকদের কড়া বার্তা বোর্ডের

ভারত-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনকে। বিশ্বের অন্যতম ফুটবল-পাগল শহর হিসেবে কলকাতার পরিচিতি বহুদিনের। অনেকে এই শহরকে ফুটবলের মক্কাও বলেন। সেই আবেগকে সম্মান জানাতেই এই শহরকে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

কলকাতার সঙ্গে ব্রাজিলীয় ফুটবলের সম্পর্কও বহু দশকের পুরনো। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন, যখন নিউ ইয়র্ক কসমসের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ঐতিহাসিক ম্যাচ আজও কলকাতার ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় এবং শহরের ফুটবল লোকগাথার অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে।

আশা করা যায়, এই ম্যাচ হলে ব্রাজিলের তারকা ফুটবলারদের উপস্থিতিতে স্টেডিয়াম কানায় কানায় ভরে যাবে। ভারতীয় ফুটবলের ইতিহাসে এমন ম্যাচের সাক্ষী হওয়ার সুযোগ খুব কমই এসেছে। তাই টিকিট বিক্রি শুরু হলে তা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  বিশ্বের সেরা দলের কাছে হেরেছে ফ্রান্স: ফাইনালে উঠেই হুঙ্কার স্প্যানিশ কোচের

তবে এখনও কিছু বিষয় চূড়ান্ত হওয়া বাকি। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে সরকারি ঘোষণা, টিকিটের মূল্য এবং বিক্রির দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি। সেই ঘোষণার দিকেই এখন তাকিয়ে দেশের ফুটবলপ্রেমীরা। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তা হলে পুজোর আগেই, অক্টোবরের প্রথম সপ্তাহে যুবভারতীতে দেখা যাবে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের ঐতিহাসিক লড়াই— যা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment