ইতিহাসে প্রথমবারের মতো ইসলামের পবিত্রতম শহর মক্কাতে এয়ার স্ট্রাইক অ্যালার্ট। পশ্চিম এশিয়ায় সংঘাতের আঁচ এবার এসে পড়েছে মক্কাতে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার স্বল্প সময়ের জন্য আকাশপথে হামলার সতর্কতা জারি হওয়ায় মক্কা, জেদ্দা ও তাইফ-সহ কয়েকটি শহরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌদির ডিফেন্স সিস্টেম হঠাৎই বিমান হামলার সতর্কতা জারি করে। তবে তার কিছুক্ষণ পরে সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে নিশ্চিত করে জানানো হয়, মক্কায় বিপদ কেটে গিয়েছে। সকল নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মক্কা শহরে এ ধরনের সতর্কতা জারির ঘটনা প্রথমবারের মতো ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক থাকার ও সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স এক্স হ্যান্ডলে এও জানিয়েছে, কোনও মানুষ যাতে অপ্রয়োজনে জমায়েত না করেন। জরুরি প্রয়োজনে ৯১১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
এর আগে সোমবার ইয়েমেন থেকে হুথিদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। হামলার পর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরমুখী বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। হুথিদের সাম্প্রতিক হামলায় সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায় আগুন লাগা ও ৭৩ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেই সময়ে ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যেও সংঘর্ষ চলছে। এদিকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কাতার।
আরও পড়ুন: মোদী-শি বৈঠকের পরই চিনের বার্তা, ‘ভারতকে অংশীদার হিসেবেই চায় বেজিং’
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি যুবরাজের যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অনুরোধ তিনি প্রত্যাখান করেছেন। মক্কা ও পশ্চিম সৌদির অন্যান্য শহরে সতর্কতা, মদিনামুখী বিমান চলাচলে বিঘ্ন ও ইয়েমেনে চলমান সংঘর্ষ, সব মিলিয়ে আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।
Leave a Comment