কালীপুজোয় নিরাপত্তার স্বার্থে শহরের নানা রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল লালবাজার

By Suman Debnath

November 1, 2026 11:05 AM

কালীপুজোয় নিরাপত্তার স্বার্থে শহরের নানা রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল লালবাজার


কালীপুজো আসতে একসপ্তাহ বাকি। তাই এখন থেকেই নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সক্রিয় হয়ে উঠল লালবাজার। কালীপুজোর সময় যাতে যানজট না হয় এবং পথের সুরক্ষা বজায় থাকে তার জন্য যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। শহরের নানা রাস্তায় যান নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়ে ফেলল লালবাজার। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে কালীপুজো। তাই অতীতের মতোই যাতে শহর যানজট মুক্ত থাকে এবং মানুষের সুরক্ষা অটুট থাকে এই কথা ভেবে শহরের রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। আর মধ্য কলকাতায় নিয়ন্ত্রিত করা হচ্ছে যান চলাচল। পুলিশ কমিশনার অজয় নন্দা স্বাক্ষরিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, আগামী ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

পণ্যবাহী গাড়ি চলাচল রাজপথে বন্ধ থাকলে যানজট হবে না বলেই মনে করা হচ্ছে। ওই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, আরবি অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, লেনিন সরণি-সহ ১৭টি গুরুত্বপূর্ণ রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। আর যান নিয়্ন্ত্রণও করা হবে। সেক্ষেত্রে বাস রুট ঘুরিয়ে দেওয়া হবে রাসবিহারী অ্যাভিনিউ, এপিসি রায় রোড হয়ে। আবার কলেজ স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ ২৪টি রাস্তায় বিকেল ৪টা থেকে কোনও পার্কিং, যাত্রী ওঠা-নামা এবং মাল ওঠা-নামা করা যাবে না। রাস্তাঘাট একদম যানজট মুক্ত রাখতে হবে।

আরও পড়ুন:  ১৫ বছরের আর্থিক লেনদেন খতিয়ে দেখে শ্বেতপত্র, অর্থমন্ত্রীর নেতৃত্বে নবান্নে বিশেষ কমিটির প্রথম বৈঠক

শহরের বুকে কালীপুজো খুব একটা দেখা যায় না। চেতলার দিকে বেশি কালীপুজো হয়। হরিদেবপুর, কবরডাঙা, বেহালা এবং টালিগঞ্জের কিছু জায়গায় কালীপুজো হয়ে থাকে। আবার উত্তর কলকাতার কয়েকটি জায়গায় কালীপুজো বেশ বিখ্যাত। সেখানে মানুষের ঢল নামে। চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার কালীপুজোয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। দুর্গাপুজোর সময় চোরবাগানে ১৯ মানুষের মৃত্যুমিছিল দেখেছে মহানগরী। তেমন কোনও ঘটনা যাতে আর না ঘটে তাই এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে।

তাছাড়া কালীপুজোর দিন ভোর ৫টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত মন্দির সংলগ্ন কালীঘাট রোড, রাসবিহারী, সদানন্দ, হাজরা রোডে যান চলাচল বন্ধ থাকবে। ৯, ১০ এবং ১১ নভেম্বর তিন দিনই সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। বিকেল ৪টে থেকে ভোর ৩টে পর্যন্ত বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, গার্ডেনরিচ রোড, কালীঘাট রোড-সহ ৪৩টি রাস্তায় বিসর্জন ছাড়া সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। বিসর্জনের কোনও গাড়ি এজেসি বোস রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, মা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, কালীঘাট ব্রিজ দিয়ে যেতে পারবে না। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুল্যান্স, দমকল, অক্সিজেন, ওষুধের গাড়ি, জরুরি খাদ্য পণ্যের গাড়ি, পুরসভার গাড়ি এবং সংবাদমাধ্যমের গাড়ির চলাচলে বাধা নেই।

আরও পড়ুন:  বিদ্রোহী তৃণমূলের নতুন সদর দপ্তর মেট্রোপলিটন! জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে জোরকদমে অফিস সংস্কার

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment