---Advertisement---

দুর্গাপুজোর পাস দুর্নীতি, দ্বিতীয়বার ইডির দফতরে ইন্দ্রনীল সেন

By Suman Debnath

October 8, 2026 10:25 AM

দুর্গাপুজোর পাস দুর্নীতি, দ্বিতীয়বার ইডির দফতরে ইন্দ্রনীল সেন

---Advertisement---


দুর্গাপুজোর পাস দুর্নীতির অভিযোগের মামলায় ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। মঙ্গলবার, ৭ অক্টোবর দ্বিতীয়বারের জন্য সল্টলেকের ইডি দফতরে হাজিরা দেন তিনি। সঙ্গে নিয়ে যান ব্যাঙ্ক লেনদেনের বিস্তারিত নথি। বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছন ইন্দ্রনীল।

এর আগে ৩০ সেপ্টেম্বর প্রায় ৯ ঘণ্টা ধরে ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার প্রায় ১০ বছরের ব্যাঙ্ক লেনদেনের নথি চেয়েছেন তদন্তকারীরা। সেই নথির ভিত্তিতেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।

ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিতরণে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। তদন্তে প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। এর আগে ইন্দ্রনীলের বাড়ি, অফিস-সহ প্রায় ১৫টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি।

ইডির অভিযোগ, ২০২২ সাল থেকে প্রায় তিন বছর দুর্গাপুজোর পাস দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। সরকারি দরপত্রের নিয়ম ভেঙে প্রায় ৮৫ কোটি টাকা ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তদন্তকারীদের।

তদন্তকারীদের আরও দাবি, ইন্দ্রনীলের মালিকানাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি নগদ জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পাঠানো হয়েছিল বলেও ইডির দাবি। এই লেনদেনের সমর্থনে কিছু নথি তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রের খবর।

ইডি সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার জিজ্ঞাসাবাদে বেশ কিছু কাগুজে ও বৈদ্যুতিন নথি দেখিয়ে ইন্দ্রনীলকে প্রশ্ন করা হয়েছিল। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। সেই কারণেই ফের তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

এদিন ইডি দফতরে ঢোকার সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়লেও কোনও প্রশ্নের জবাব দেননি প্রাক্তন মন্ত্রী।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment