বেআইনিভাবে ই-সিগারেট মজুতের অভিযোগ। তাও আবার খোদ কলকাতার পার্ক স্ট্রিটে। বুধবার সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি দোকানে অ্যান্টি-র্যাকেটিং স্কোয়াড (ARS) ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট (D.D)-এর একটি দল অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রের খবর, ১৯১, পার্ক স্ট্রিটের দ্য স্মোকার্স ডেন নামের ওই দোকানে বেআইনিভাবে ই-সিগারেট মজুত ও বিক্রি করা হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই দোকানে অভিযান চালায়। অভিযানের সময়ে দোকান থেকে বিপুল পরিমাণ ই-সিগারেট উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোহম্মদ রিফায়িজ(২২), আবদুল হাকিম কে(২৮), আহমেদ মাসুদ(২১) ও মোহম্মদ এজাজ(৪০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম তিনজনের ঠিকানা কেরল ও কর্মাটকে হলেও কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার লিন্টন স্ট্রিটের একটি ঠিকানার সঙ্গেও তাঁদের যোগ রয়েছে। চতুর্থ অভিযুক্ত এজাজের ঠিকানা কলকাতার রিপন স্ট্রিট এলাকায়।
এই ঘটনায় বেনিয়াপুকুর থানায় বুধবার মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ই-সিগারেটের পরিমাণ ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চারজনকে বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর শিয়ালদহের লার্নেড এসিজেএম আদালত (Learned Additional Chief Judicial Magistrate Court)-এ পেশ করা হবে।
আরও পড়ুন: টানা ২৪ দিনের বিশেষ কর্মসূচি, কলকাতা বিমানবন্দরে শুরু হচ্ছে ‘যাত্রী সেবা অভিযান ২০২৬’
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বেআইনিভাবে ই-সিগারেট মজুত ও বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে।
Leave a Comment