আগরতলা প্রতিনিধি: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে মানবিক উদ্যোগের নজির গড়ল পশ্চিম থানার পুলিশ। পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোট ৩০টি স্মার্টফোন উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি বলেন, প্রযুক্তিগত তদন্ত এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে পশ্চিম থানার পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
নিজেদের হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকরা। তারা পশ্চিম থানার পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং দ্রুত পদক্ষেপ নিয়ে মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।
পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Leave a Comment