---Advertisement---

সালেমা ব্লকে বকেয়া বিল নিয়ে উত্তেজনা, তালা ঝুলিয়ে আন্দোলন সি.এস.পি কর্মীদের

By Suman Debnath

October 12, 2026 10:05 PM

সালেমা ব্লকে বকেয়া বিল নিয়ে উত্তেজনা, তালা ঝুলিয়ে আন্দোলন সি.এস.পি কর্মীদের

---Advertisement---

আগরতলা, ১২ অক্টোবর: দুর্গাপূজার আগে আট মাসের বকেয়া বিল না পেয়ে আন্দোলনে নামলেন টি.আর.এল.এম-এর অধীনে কর্মরত সি.এস.পি কর্মীরা। পাওনা অর্থ মেটানোর দাবিতে সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে নিজেদের দায়িত্ব পালন করে এলেও এখনও পর্যন্ত প্রাপ্য অর্থ হাতে পাননি তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, গত ১০ অক্টোবরের মধ্যে তাঁদের বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে ১২ অক্টোবর পর্যন্ত টাকা না মেলায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। শেষ পর্যন্ত পাওনা আদায়ের দাবিতে সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে বসেন কর্মীরা।

কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ না পাওয়ায় তাঁরা চরম আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজ করার পরও পারিশ্রমিক না মেলায় দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। তার উপর আর মাত্র কয়েক দিন পরেই দুর্গাপূজা। এই পরিস্থিতিতে পরিবারের প্রয়োজন মেটানো এবং উৎসবের খরচ সামলানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

আন্দোলনকারীরা দ্রুত বকেয়া বিল পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তারও স্থায়ী সমাধানের দাবি জানান।

এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর বিডিও আগামী দু’দিনের মধ্যে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে। বিডিও-র এই আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করে নেন কর্মীরা।

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিডিও-র দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দু’দিনের মধ্যে সত্যিই কি কর্মীদের দীর্ঘ আট মাসের বকেয়া বিল মিটিয়ে দেওয়া হবে? নাকি দুর্গাপূজার আগে পাওনা অর্থের অপেক্ষাতেই থাকতে হবে তাঁদের? এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারী সি.এস.পি কর্মীরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment