আইপিএলের আগে CSK ও SRH-র চার ক্রিকেটারের রদবদল!

By Pritam Shil

November 5, 2026 2:55 PM

আইপিএলের আগে CSK ও SRH-র চার ক্রিকেটারের রদবদল!


আইপিএল ২০২৭-এর আগে চার ক্রিকেটারকে নিয়ে বড়সড় অদলবদল করল চেন্নাই সুপার কিংস (CSK) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন এবং অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস যোগ দিচ্ছেন চেন্নাই শিবিরে। অন্যদিকে, চেন্নাই ছেড়ে হায়দরাবাদে যাচ্ছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ এবং অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান এলিস।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

আইপিএল ২০২৬-এর আগে ১৩ কোটি টাকায় লিভিংস্টোনকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে এই ট্রেডের মাধ্যমে মাত্র ৬ কোটি টাকায় তাঁকে পাবে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, ৩ কোটি টাকায় হায়দরাবাদে যোগ দেওয়া জ্যাক এডওয়ার্ডস আগের চুক্তির মূল্যেই চেন্নাইয়ে খেলবেন।

বিনিময়ে খলিল আহমেদ এবং নাথান এলিসকে দলে নিচ্ছে হায়দরাবাদ। তাঁদের চুক্তির মূল্য যথাক্রমে ৪.৮ কোটি এবং ২ কোটি টাকা। এই চার ক্রিকেটারের অদলবদলের ফলে দুই দলই আগামী মরশুমের জন্য নিজেদের দল নতুন করে সাজানোর সুযোগ পাবে। চেন্নাই যেমন অলরাউন্ডার বিভাগকে আরও শক্তিশালী করছে, তেমনই হায়দরাবাদ জোর দিচ্ছে পেস বোলিং বিভাগে। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই হায়দরাবাদ দলে জায়গা পেয়েছিলেন জ্যাক এডওয়ার্ডস। তবে পায়ের চোটের কারণে আইপিএল ২০২৬-এর কোনও ম্যাচেই খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন:  কেন আইএসএল থেকে নিজেদের সরিয়ে নিল জামশেদপুর এফসি? বিকল্প হিসেবে কোন দলকে নেওয়া হবে? জেনে নিন বিস্তারিত

অন্যদিকে, খলিল আহমেদ এর আগেও ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত হায়দরাবাদের হয়ে খেলেছেন। আইপিএল ২০২৫-এ চেন্নাইয়ের হয়ে ১৪ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে ২০২৬ সালের মরশুমে মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট পাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান। অন্যদিকে, ডেথ ওভারে কার্যকর বোলিং এবং বিভিন্ন ধরনের বল করার দক্ষতার জন্য পরিচিত নাথান এলিস হায়দরাবাদের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবেন।

আইপিএল ২০২৬-এ দুই দলের পারফরম্যান্স ছিল একেবারেই আলাদা। লিগ পর্বে ৯টি জয় ও ৫টি হার নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে শেষ করেছিল হায়দরাবাদ। তবে এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। অন্যদিকে, হতাশাজনক মরশুম কাটিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করায় প্লে-অফে জায়গা হয়নি তাদের।

আরও পড়ুন:  শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দুরন্ত প্রত্যাবর্তন! জিম্বাবোয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ, সিরিজ জুড়ে দাপট টিম ইন্ডিয়ার

আইপিএল ২০২৭-এর আগে কোচিং বিভাগেও একাধিক পরিবর্তন এনেছে চেন্নাই। দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান। বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মহিত শর্মা। সহকারী কোচের দায়িত্ব সামলাবেন অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি এবং শ্রীধরন শ্রীরাম। অন্যদিকে, ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বে থাকছেন জেমস ফস্টার।

No comments to show.

Leave a Comment