ভারতWednesday , 7 October 2026
  1. Bangladesh
  2. Business
  3. Entertainment
  4. Food
  5. India
  6. Life Style
  7. Northeast India
  8. Politics
  9. Sports
  10. Technology
  11. Tourism
  12. Tripura
  13. West-bengal
  14. World
আজকের সর্বশেষ সবখবর

কেভিনের বদলি নাচো, অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনী এবার ইস্টবেঙ্গলে

Suman Debnath
July 14, 2026 7:10 pm
Link Copied!





নিঃশব্দে ঘর গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই নতুন কোচ হিসেবে আন্তোনিও লোপেজ হাবাসকে দল নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর এবার তাঁর পছন্দেই রক্ষণভাগকে শক্তিশালী করতে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ডিফেন্ডার নাচো মনসালভেকে সই করাল তারা। একবছরের চুক্তিতে তাঁকে দলে নেওয়া হয়েছে। এরফলে নিশ্চিতভাবে ইস্টবেঙ্গল অধ্যায় শেষ হল গত মরসুমের অন্যতম নির্ভরযোগ্য বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিলের।

৩২ বছর বয়সি স্প্যানিশ সেন্টার-ব্যাকের ফুটবল জীবন শুরু হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাকাডেমিতে। ২০০৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ুথ দলে যোগ দেন তিনি। সেখান থেকে সি এবং বি দল ঘুরে ২০১৬ সালে প্রথম দলে সুযোগ পান। দিয়েগো গোদিন, হোসে হিমেনেজ ও স্তেফান সাভিচ চোটে ছিটকে যাওয়ায় লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে কোচ দিয়েগো সিমিওনের অধীনে প্রথম দলে অভিষেকের হয় তাঁর। ফার্নান্দো টোরেস, আন্তোনিও গ্রিয়েজম্যান, কোকে ও থমাস পার্টের মতো তারকাদের সঙ্গে খেলে অভিষেক ম্যাচেই নজর কেড়েছিলেন নাচো। ৫-১ গোলের জয়ে তাঁর আত্মবিশ্বাসী পারফরম্যান্সের প্রশংসাও করেছিলেন সিমিওনে। তবে অ্যাটলেটিকোর হয়ে সেই মরসুমে মাত্র একটি ম্যাচেই খেলেছিলেন তিনি। পরের মরসুমেই তিনি দেপোর্তিভো লা করুনায় যোগ দেন। পরবর্তীকালে, রায়ো ভালেকানো হয়ে নেদারল্যান্ডসের টুয়েন্টে, পোল্যান্ডের এলকেএস লজ এবং স্পেনের হারকিউলেস-সহ একাধিক ক্লাবে খেলেছেন নাচো। এলকেএস লজে তাঁর সতীর্থ ছিলেন বর্তমান ইস্টবেঙ্গল মিডফিল্ডার দানি রামিরেজ।

মূলত দু’পায়েই বেশ স্বচ্ছন্দ স্প্যানিশ এই ডিফেন্ডার। পাশাপাশি, বল বিতরণে তাঁর দক্ষতা এবং ঠান্ডা মাথায় খেলার জন্য বিশেষ পরিচিত নাচো। তবে শুধু রক্ষণ সামলানোই নয়, আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ইস্টবেঙ্গল রক্ষণে আনোয়ার আলির সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

এদিকে, মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন মার্ক জোনাথনপুইয়া। গত মরসুমে জামশেদপুরের হয়ে খেলেছিলেন তিনি। অন্যদিকে, কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে বুধবার ঘরের মাঠে বিধানগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে নামছে লাল-হলুদ ব্রিগেড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।