জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আবার পথে ইন্ডিয়া জোট, রণকৌশল ঠিক করতে বৈঠক

By Suman Debnath

October 22, 2026 1:15 PM

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আবার পথে ইন্ডিয়া জোট, রণকৌশল ঠিক করতে বৈঠক


দুর্গাপুজো মিটতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আবার আন্দোলনের প্রস্তুতি নিতে চলেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। আর সেই রণকৌশল ঠিক করতেই বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ থাকবেন জোটের অন্যান্য সদস্যরাও বলে জানা গিয়েছে। যদিও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবারের এই বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। কিন্তু উৎসবের আবহে বিরতি দিয়ে আবার আন্দোলনে ফেরার কথা আগেই জানানো হয়েছিল।

এদিকে এসআইআর বাতিল থেকে শুরু করে ভোটচুরির অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে বারবার বিক্ষোভে উত্তাল হয়েছে রাজধানী। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন থেকে শুরু করে পথে নেমে একযোগে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। তখনই রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে জ্ঞানেশ কুমার যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করছেন ততক্ষণ আন্দোলন চলবে। যদিও উৎসব চলে আসায় কিছুটা থেমে যায় আন্দোলন। কিন্তু দুর্গাপুজো মিটতেই আবার আন্দোলন শুরু করতে চায় বিরোধীরা। আন্দোলনের রণকৌশল ঠিক করতেই এদিনের এই বৈঠক বলে সূত্রের খবর।

আরও পড়ুন:  জয়পুরে সম্পত্তি ও চাকরির লোভে মাকে খুনের অভিযোগ, গ্রেপ্তার মেয়ে

অন্যদিকে সিজেপির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন ‘ইন্ডিয়া’র নেতারা। নভেম্বর মাসের শুরু থেকেই আবার আন্দোলন পুরোদমে শুরু করতে বদ্ধপরিকর বিরোধীরা। বৃহস্পতিবারের বৈঠকে সেটা নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আগামী ১ নভেম্বর কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের অধীনে দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। যেখানে বিরোধী জোটের একাধিক নেতার উপস্থিত থাকার কথা। আর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আরও জোরালো করা যায় কেমন করে সেটা নিয়ে আলোচনায় বসছেন বিরোধী নেতৃত্ব। এই বৈঠকে আগামী দিনের সেই কর্মসূচি নির্ধারিত হতে পারে।

তাছাড়া এদিনের ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া জোটের নেতারা আন্দোলনের ঝাঁঝ বাড়ানো নিয়ে আলোচনা করতে পারেন। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি জানান, দিল্লির মিছিল সফল হয়েছে। একাধিক বিকল্প নিয়ে এই মুহূর্তে আমাদের আলোচনা চলছে। এই বিষয়ে এমএ বেবি বলেন, ‘এই মুহূর্তে অনেকগুলি বিকল্প নিয়ে আমাদের আলোচনা চলছে। দিল্লিতে আমাদের মিছিল সফল হয়েছে। তাই নেতারা কেউ কেউ সেই মিছিল আরও জোরদার করতে চান। আর জ্ঞানেশের ইমপিচমেন্টের জন্য সংসদে বিক্ষোভ দেখাতে আগ্রহী কেউ কেউ। আরও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে।’

আরও পড়ুন:  'প্রশ্নফাঁস খুনের চেয়ে জঘন্য' বার্তা ছত্তিশগড় হাইকোর্টের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment