দূষণমুক্ত দীপাবলির প্রচারে বিরাট কোহলিকে চান সুপ্রিম কোর্ট!

By Suman Debnath

October 30, 2026 11:53 AM

দূষণমুক্ত দীপাবলির প্রচারে বিরাট কোহলিকে চান সুপ্রিম কোর্ট!

নয়াদিল্লি, ৩০ অক্টোবর: দেশজুড়ে দীপাবলির প্রস্তুতি শুরু হয়েছে। আলোয় ঢাকবে শহর থেকে গ্রাম। কিন্তু সেই আলোর উৎসবই যদি বিষিয়ে তোলে পরিবেশকে? বিপন্ন করে মানুষের জীবন? শব্দবাজি ও আতশবাজির দূষণ নিয়ন্ত্রণে বারবার নির্দেশ দিয়েও যখন পরিস্থিতির বিশেষ পরিবর্তন হচ্ছে না, তখন এবার অভিনব প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। দূষণমুক্ত দীপাবলি পালনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির মতো জনপ্রিয় ব্যক্তিত্বকে প্রচারের কাজে সামিল করার পরামর্শ দিল শীর্ষ আদালত। জনপ্রিয় ক্রীড়াবিদদের মাধ্যমে সচেতনতার বার্তা দিলে সাধারণ মানুষের মধ্যে তার প্রভাব অনেক বেশি হতে পারে। এমনটাই দাবি সুপ্রিম কোর্টের।

শব্দবাজি ও নানন ধরনের বাজি পোড়ানোকে কেন্দ্র করে দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছিল বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে। সেখানেই এই প্রস্তাব উঠে আসে। বিচারপতি প্রসন্ন ভারালে প্রশ্ন করেন, কেন জনপ্রিয় ক্রীড়াবিদ বা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে না? বিশেষ করে যাঁরা সমাজে অত্যন্ত সম্মানিত, তাঁদের মাধ্যমে দূষণমুক্ত দীপাবলির প্রচার চালানো যেতে পারে বলে মত আদালতের। এই সেচতনাতামূলক প্রচারে বিরাটের পাশাপাশি অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করার দাবি জানিয়েছে বিচারপতি সুন্দরেশ। শুধু সচেতনতার অভাব নয়, বাজি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, প্রতি বছর দূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দেওয়া হলেও বাস্তবে তার প্রয়োগ হচ্ছে না। ফলে বার্ষিক নির্দেশগুলি কার্যত অর্থহীন হয়ে পড়ছে। দিল্লির ৩৯টি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে মাত্র ৯টি কেন চালু রয়েছে, সেই প্রশ্নও তুলেছে বেঞ্চ।

আরও পড়ুন:  গাজিয়াবাদে ১৩ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দু’দিন আগেই জিতেছিলেন জোড়া সোনার পদক

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment