এবার আইনি বিপাকে ‘রামায়ণ: পার্ট ১’! রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’-এর নির্মাতাদের বিরুদ্ধে মুম্বইয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মূল মহাকাব্যের কাহিনী বিকৃত করা এবং হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে।
মুম্বই ও কোলাপুরে প্রতিবাদের পর হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকর মুলুন্ড (পশ্চিম) থানায় এই অভিযোগ নথিভুক্ত করেন। অভিযোগে দাবি করা হয়েছে, পরিচালক নীতীশ তিওয়ারির এই ছবিতে রাবণকে দরিদ্রদের ত্রাতা, নারীসম্মান রক্ষাকারী এবং একজন যোদ্ধা হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে, রামকে রাক্ষসদের ভয়ে পালিয়ে যেতে দেখানো হয়েছে, সীতাকে শূর্পণখা প্রসঙ্গে লক্ষ্মণকে তিরস্কার করতে দেখানো হয়েছে। এছাড়া খরা ও দূষণ রাক্ষসের কাছে রামের ক্ষমা চাওয়ার মতো কাল্পনিক দৃশ্য যুক্ত করার অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগকারী ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ২৯৯ ও ১৯৬ ধারায় এফআইআর, কঠোর আইনি পদক্ষেপ, চিত্রনাট্য ও সংলাপের বিস্তারিত তদন্ত এবং আপত্তিকর দৃশ্যগুলোর টাইমস্ট্যাম্প সংরক্ষণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বাল্মীকি রামায়ণের পণ্ডিত ও সংস্কৃত বিশেষজ্ঞদের মতামত নেওয়ারও আর্জি জানানো হয়েছে।
উল্লেখ্য, বিতর্কের মাঝেই ৫ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। ১৯ দিনে ভারতে এর নেট আয় ৯৫৫.৪৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী আয় ১,৭০৪.৬৫ কোটি টাকা ছাড়িয়েছে। ছবিতে রণবীর কাপুর ‘রাম’, সাই পল্লবী ‘সীতা’, রবি দুবে ‘লক্ষ্মণ’ এবং যশ ‘রাবণ’-এর ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।

Leave a Comment