প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ফের ধাক্কা খেল পদ্ম শিবির। বারাণসীর আরও এক বিধান পরিষদ কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পথে অখিলেশ সিং যাদবের দল সমাজবাদী পার্টি। স্নাতক ভোটারদের জন্য সংরক্ষিত বিধান পরিষদ আসনের উপনির্বাচনে এখনও গণনা চলছে। বৃহস্পতিবার সকালে গণনা চলাকালীনই সমাজমাধ্যমে পোস্ট করে পরাজয় মেনে নিয়েছেন বিজেপির কেদারনাথ সিং। ফলে বারাণসীর শিক্ষক ও স্নাতক-দুই বিধান পরিষদ আসনেই বিজেপিকে হারিয়ে জয়ী হল অখিলেশ সিং যাদবের দল।
স্নাতক ভোটারদের জন্য সংরক্ষিত এই আসনে দ্বিতীয় পছন্দের ভোট গণনা চলছিল। এখনও পর্যন্ত পাওয়া হিসাবে অনুযায়ী, এসপি প্রার্থী আশুতোষ সিং পেয়েছেন ৫০ হাজার ৪৬২টি ভোট। বিজেপির কেদারনাথ সিংয়ের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৬৭৪। অর্থাৎ ১৬ হাজার ৯৮৪ ভোটে এগিয়ে রয়েছেন এসপি প্রার্থী। গণনা শেষ হওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিলেন কেদারনাথ সিং। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, বারাণসীর যে সমস্ত স্নাতক ভোটার তাঁর উপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাঁদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।
তাঁর কথা, নির্বাচনে জয়ী হওয়া বা ক্ষমতার আসনে বসাই শেষ কথা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাই জনপ্রতিনিধির প্রধান কতর্ব্য। প্রত্যাশামতো ফল না হওয়ায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি দলের কর্মী ও সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্য দিকে, দলীয় কর্মীদের গণনাকেন্দ্র ছেড়ে যেতে যেতে নিষেধ করেছেন এসপি প্রধান অখিলেশ যাদব। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘শান্ত থাকুন। জয়ের শংসাপত্র হাতে না পাওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়বেন না’।
Leave a Comment