আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় গত ২৪ ঘণ্টায় বন্যার কারণে আরও ১৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় একের পর এক গ্রাম, চাষের জমি ও বসতি এলাকা প্লাবিত হয়েছে।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ১২টি জেলায় ৭ লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩.১৫ লক্ষ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সেই সঙ্গে অনেকে ত্রাণ বিতরণ কেন্দ্রের মাধ্যমে সহায়তা পাচ্ছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চরাইদেও জেলায়। সেখানে সাত জন মানুষ প্রাণ হারিয়েছেন।
শিবসাগরে মৃত্যু হয়েছে ৬ জনের। যোরহাটে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন। এছাড়া শিবসাগরে এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা। সেখানে প্রায় ৩.৪৮ লক্ষ মানুষ বন্যার কবলে। চরাইদেও জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ১.৮৮ লক্ষ এবং যোরহাটে প্রায় ১.২৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এছাড়া গোলাঘাট, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, ধেমাজি, শোণিতপুর, কামরূপ মেট্রোপলিটন ও কার্বি আংলং জেলাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্যজুড়ে ৮৫৬টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ৩৬৩টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। বন্যার জলের তোড়ে ৫৬ হাজার ৬০০ হেক্টরেরও বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। এর ফলে কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজারেরও বেশি গবাদি পশু ও হাঁস-মুরগি ভেসে গিয়েছে। বর্তমানে প্রায় ৩.৩৪ লক্ষ পশুপাখি বন্যার কবলে পড়েছে।
আরও পড়ুন: আসামের বন্যা প্রাণ কাড়ল ২১ জনের, ৫.৬৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
এদিকে, কেন্দ্রীয় সরকার আসামের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বহুমুখী বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে। বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে আসামকে ত্রাণ, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মেরামতের জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Comment