JPSC ও JSSC নিয়োগে অনিয়মের অভিযোগে টানা ৯ দিন ধরে আন্দোলনে ঝাড়খণ্ডের ছাত্ররা। রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
ঝাড়খণ্ডে (Jharkhand) JPSC পরীক্ষায় অনিয়ম এবং JSSC নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক মাত্রা পেল। রাঁচিতে (Ranchi) টানা ৯ দিন ধরে অবস্থান-বিক্ষোভে সামিল আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বললেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Deepke)। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি ঘোষণা করেন, ছাত্রদের দাবি আদায়ের লড়াইয়ে তাঁদের পাশে থাকবে তাঁর সংগঠন।
রবিবার এক্স (X)-এ একটি ভিডিও পোস্ট করেন অভিজিৎ দীপকে। সেই পোস্টে তিনি জানান, ঝাড়খণ্ডে JPSC ও JSSC-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা নিয়ে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আন্দোলনকারীদের ন্যায্য দাবির প্রতি CJP-র পূর্ণ সমর্থন রয়েছে।
ভিডিওতে দেখা যায়, আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রী অভিজিৎ দীপকের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন। তাঁর বক্তব্য, দিল্লির জন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলনের সময় CJP যেভাবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল, তেমনই ঝাড়খণ্ডের ছাত্রদের আন্দোলনেও সংগঠনটির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন তাঁরা।
এর জবাবে অভিজিৎ দীপকে বলেন, ঝাড়খণ্ডে যে সমস্ত ছাত্র আন্দোলন করছেন, তাঁদের পাশে CJP সম্পূর্ণভাবে রয়েছে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, তা দেওয়ার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি ছাত্রদের সমস্ত দাবিকে সমর্থনের কথাও জানান এবং সেই দাবিগুলি সংশ্লিষ্ট মহলেও তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, JPSC নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত ৯ দিন ধরে রাঁচিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। রবিবার আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিলও করেন তাঁরা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সরকার দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে ঝাড়খণ্ডের ২৪টি জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
ছাত্রদের প্রধান দাবি, বিতর্কিত JPSC পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-র মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করাতে হবে। অন্যদিকে, এই মামলার তদন্তে ইতিমধ্যেই ঝাড়খণ্ড CID ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে তদন্তের পাশাপাশি আন্দোলনও জারি থাকবে বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা।
Leave a Comment