১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়েছে’, এসআইআর নিয়ে এবার যোগীর গলায় উদ্বেগের সুর

By Suman Debnath

October 31, 2026 5:47 PM

১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়েছে’, এসআইআর নিয়ে এবার যোগীর গলায় উদ্বেগের সুর

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কার্যত বিরোধীদের সুরে সুর মিলিয়েই যোগী বললেন, এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে দলীয় কর্মীদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।

সম্প্রতি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কোনও যোগ্য ভোটার যাতে বাদ না পড়ে তার জন্য এসআইআর প্রক্রিয়ার উপর নজর রাখার নির্দেশ দেন তিনি। যোগী বলেন, ভোটার তালিকা থেকে কোটি কোটি হিন্দুর নাম বাদ পড়েছে। তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর নাম। এইসব বৈধ ভোটারদের তালিকাভুক্ত করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যোগী আরও বলেন, ”বড় সংখ্যায় হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার জেরে ২৮টি পুরসভায় বিজেপির অবস্থান দুর্বল হয়ে পড়েছে।” আসন্ন নির্বাচনে যা বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  কংগ্রেসের সঙ্গে দূরত্ব, স্ট্যালিনের ডিএমকে কি তবে মোদী সরকারের পাশে?

যোগী বলেন, “উত্তরপ্রদেশে ১৬ কোটি ভোটার থাকার কথা। বর্তমানে রয়েছেন ১৩ কোটি। পঞ্চায়েতের ভোটার তালিকায় থাকা ৬৬ লক্ষ ভোটারের নাম বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নেই। আবার সরকারি প্রকল্পের ৫৫ লক্ষ গ্রাহকের নামও ভোটার তালিকায় নেই। ১৮-১৯ বছর বয়সি সাড়ে চার লক্ষ ভোটারের নামও নেই তালিকায়।” যোগীর মতে, আগের এসআইআরে উত্তরপ্রদেশে মাত্র ৪ লক্ষ ভোটারের নাম যোগ হয়েছে। যা উদ্বেগজনক। বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বিএলও-দের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করার জন্য।

অন্যদিকে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ২ কোটি ৪ লাখেরও বেশি ভোটারের নাম বাতিল করা হয়েছে। বাদ পড়াদের বড় অংশই শহরাঞ্চলের বাসিন্দা এবং তাদের মধ্যে মহিলা ভোটারের হার বেশি। একই প্রক্রিয়ায় ৮৪ লক্ষেরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে। ফলে উত্তরপ্রদেশে বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৭৯২ জন। উল্লেখ্য, যোগী আদিত্যনাথ এর আগেও একাধিকবার ভোটার তালিকা থেকে হিন্দু ভোটার বাদ পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন:  Explainer: পাকিস্তানের আকাশ বন্ধ, চিনের ‘হোটান করিডর’-ই কি এবার ভারতের নতুন আকাশপথ?

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment