---Advertisement---

রাজ্যের গুন্ডাদমন বিল ফেরালেন রাষ্ট্রপতি, পুনর্বিবেচনা করার পরামর্শ, কটাক্ষ অভিষেকের

By Suman Debnath

September 25, 2026 1:00 PM

রাজ্যের গুন্ডাদমন বিল ফেরালেন রাষ্ট্রপতি, পুনর্বিবেচনা করার পরামর্শ, কটাক্ষ অভিষেকের

---Advertisement---


শুভেন্দু অধিকারী সরকারের ‘অ্যান্টি-গুন্ডা’ বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ নাগরিক সুরক্ষা এবং সমাজবিরোধী কার্যকলাপ বিরোধী বিল, ২০২৬ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু বিলের একটি বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়। মূলত বিলের মাদক সংক্রান্ত একটি ধারা নিয়ে কেন্দ্রের বিলের সঙ্গে রাজ্যের পাঠানো বিলে সংঘাত হতে পারে। তাই বিলটি পুনর্বিবেচনা করার জন্য ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুণ্ডা দমন’ আইন বাস্তবায়ন হল না। পরে পুনর্বিবেচনা করে পাঠালে তা সম্মতি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, ২০২৪/২০২৬ আইনটিতে কিছু আইনি সংঘাতের কথা জানিয়ে উপযুক্ত আপত্তি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই ওই বিলটি অনুমোদনের পরিবর্তে সংশোধনের জন্য পুনর্বিবেচনার কথা জানিয়ে ফেরত পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত এই বিলের ২(ডি)(iii)(বি) ধারায় ‘গুণ্ডা’ সংজ্ঞার আওতায় ‘এনডিপিএস’ আইন অর্থাৎ মাদক সংক্রান্ত অপরাধকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের নিজস্ব ‘পিআইটি-এনডিপিএস অ্যাক্ট, ১৯৮৮’ আইনে আগে থেকেই রয়েছে, যা মাদক সংক্রান্ত অপরাধীদের আগাম আটক করার নির্দিষ্ট ক্ষমতা দেয়।

কেন্দ্রীয় সরকারের মতে, একই ধরনের মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের আইনে পৃথক ব্যবস্থা তৈরি হলে দুই আইনের মধ্যে সংঘাতের প্রশ্ন উঠতে পারে। তাই বিলের ২(ডি)(iii)(বি) ধারা থেকে এনডিপিএস অ্যাক্টের উল্লেখ বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাষ্ট্রপতির আপত্তি মেনে নিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সংশোধিত বিল আবার বিধানসভায় পেশ করা হবে। বিধানসভায় পাশ হওয়ার পরে সেটি আবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। ২০২৬ সালের জুন মাসে রাজ্যে সামাজিক অপরাধ এবং অসামাজিক কাজকর্ম ঠেকাতে এই বিলটি পেশ করেছিল বিজেপি সরকার। কিন্তু বিরোধী দলগুলির প্রবল আপত্তির মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন, রাজনৈতিক প্রতিশোধের জন্য এই আইনের অপব্যবহার করা হবে না।

তাছাড়া এই বিল অনুযায়ী, কোনও ব্যক্তি সমাজবিরোধী কাজে যুক্ত হতে পারেন বলে প্রশাসনের আশঙ্কা থাকলে জেলাশাসক, পুলিশ কমিশনার অথবা অনুমোদিত ডিআইজি পদমর্যাদার বা তার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট এলাকা, জেলা বা একাধিক জেলা থেকে চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন। সর্বোচ্চ একবছর ওই এলাকায় তার প্রবেশ নিষিদ্ধ করা যেতে পারে। এই বিল ফেরত পাঠানো নিয়ে একটি ইংরেজি দৈনিক সংবাদ প্রকাশ করেছে। সংবাদপত্রের সেই অংশের ছবি দিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে অভিষেক লেখেন, ‘পোস্টারে ডবল ইঞ্জিন, কাজে রিভার্স গিয়ার! হোমওয়ার্ক ফেরত, সংশোধনের নির্দেশ।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment