বেঙ্গালুরুতে নকল ক্যানসারের ওষুধ, জীবনদায়ী ওষুধ ও আইসিইউ-তে ব্যবহৃত ইঞ্জেকশন সরবরাহের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ ওঠার পরেই তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের নজরে এসেছে শহরের ৯০টিরও বেশি হাসপাতাল ও ক্লিনিক। প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে ওই ওষুধ বিক্রি করা হত বলে তদন্তকারীদের অনুমান। সন্দেহজনক ওষুধ কোথায় এবং কীভাবে পৌঁছেছিল, তা খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল ও ড্রাগস কন্ট্রোল দপ্তর।
তদন্তকারীরা মিনার্ভা সার্কেলের কাছে ক্রুপা হেলথকেয়ার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহজনক নকল ওষুধ উদ্ধার করেছে। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক বীরেশ কুমার জৈনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, ক্রুপা হেলথকেয়ার নকল ওষুধ মজুত এবং বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও মেডিক্যাল দোকানে সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত।
অভিযোগ, কম দামে সংগ্রহ করা ওষুধ নতুন করে প্যাকেটজাত করে বিভিন্ন নামে বাজারে বিক্রি করা হত। এমনকী মেয়াদ উত্তীর্ণ ওষুধও নতুন পাত্রে ভরে ভুয়ো লেবেল লাগিয়ে বাজারজাত করার চেষ্টা হয়েছে বলে তদন্তাকীদের সন্দেহ। প্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতাকারী সংস্থার ব্র্যান্ডের আদলে তৈরি লেবেল ব্যবহারের অভিযোগও উঠেছে। ক্যানসারের ওষুধের পাশাপাশি জীবনদায়ী ওষুধ ও আইসিইউ-তে ব্যবহৃত ইঞ্জেকশনও এই চক্রের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা।
প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে এই ওষুধ বিক্রি করা হত বলে তদন্তকারীদের অনুমান। ওষুধ সরবরাহের সঙ্গে যুক্ত ১৫ জনেরও বেশি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভকেও জিজ্ঞাসাবাদ বা তদন্তের আওতায় আনা হয়েছে। এর আগে ১৮ আগস্ট বেঙ্গালুরুর দক্ষিণ জেলার বিদাদি ও দোদ্দেরি এলাকার একটি ফার্মহাউসে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের সন্দেভাজন নকল ওষুধ উদ্ধার করা হয়েছিল। সেখান থেকে ভুয়ো চালান, ইঞ্জেকশন, ভর্তি করার সরঞ্জাম ও নকল লেবেলও উদ্ধার হয়। এরপরেই তদন্তকারীরা একাধিক রাজ্যে ১০টিরও বেশি জায়গায় তল্লাশি চালান।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তর, কলকাতা-সহ দক্ষিণে কী পরিস্থিতি?
পুলিশের সন্দেহ, প্রায় ৫ বছর ধরে জৈন এই ব্যবসা চালাচ্ছিলেন। মামলার অন্যতম অভিযুক্ত তথা কথিত মূলচক্রী প্রশান্তের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। প্রশান্ত বর্তমানে পলাতক। এখন তদন্তকারীরা ব্যাঙ্ক লেনদেন, কেনাবেচার নথি এবং বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখে নকল ওষুধের প্রকৃত সরবরাহ ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন।








Leave a Comment