বারবার নারী হেনস্থার অভিযোগে উত্তাল বিহার। জমুই এবং সমস্তীপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার বাঁকায় এক মহিলা পর্যটককে ঘিরে হেনস্থা, গালিগালাজ এবং জুতোপেটার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, গোটা ঘটনার ভিডিয়োও করা হয়। ঘটনায় ছ’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
ভিডিয়োয় ৩ সেপ্টেম্বরের তারিখ দেখা গেলেও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। গত ২২ সেপ্টেম্বর পুলিশের সাইবার সেলের হাতে ওই ভিডিয়ো পৌঁছয়। ভিডিয়োর সূত্র ধরেই তদন্ত শুরু করেছে বৌসিঁ থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকার মন্দার পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা পর্যটক। অভিযোগ, সেখানে ছ’জন যুবক তাঁকে ঘিরে ধরেন। কোথা থেকে এসেছেন, কেন এসেছেন—এই ধরনের প্রশ্ন করতে থাকেন তাঁরা। অভিযোগ, এর পর মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় তাঁকে জুতো দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।
অভিযোগ আরও গুরুতর হয়েছে ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসায়। অভিযুক্তদের কয়েক জন গোটা ঘটনার ভিডিয়ো করেন। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশের দাবি, ওই মহিলা পর্যটক এবং তাঁর সঙ্গে থাকা দুই বন্ধুর কাছ থেকে জোর করে ১,৫০০ টাকা নেওয়া হয়। এর পর তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ভিডিয়োর সূত্র ধরে ইতিমধ্যেই ওই মহিলা পর্যটককে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্তদেরও চিহ্নিত করার কাজ চলছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর জমুইয়ে দশম শ্রেণির দুই পড়ুয়াকে প্রকাশ্যে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি দুই নাবালককে আটক করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঘটনার মূল অভিযুক্ত নন্দন যাদব এবং তাঁর সঙ্গী হরেরামকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
জমুইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই সমস্তীপুরেও এক কিশোরীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। পরপর দুই ঘটনায় যখন বিহারে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখনই বাঁকায় মহিলা পর্যটককে হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এল।
ঘটনাগুলি ঘিরে ইতিমধ্যেই বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সম্রাট চৌধরীর সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তারা। পরপর নারী হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
Leave a Comment