দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। ভূমি থেকে আকাশে নিক্ষেপের উপযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘কুশা’-র সফল প্রথম উড়ান-পরীক্ষা সম্পন্ন করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও। ওড়িশার উপকূলে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা সম্পন্ন করা হয়। এই পরীক্ষাকে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, ‘কুশা’ এমন একটি আধুনিক লং-রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল বা এলআরএসএএম ব্যবস্থা, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং নজরদারি বিমানের মতো বিভিন্ন আকাশপথের লক্ষ্যবস্তুকে বহু দূরত্ব থেকে ও বিভিন্ন উচ্চতায় শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। প্রকল্পটি চালু হয়েছিল রাশিয়ার এস-৪০০ ‘ট্রায়াম্ফ’-এর দেশীয় বিকল্প তৈরির লক্ষ্য নিয়ে। এই প্রকল্পে ডিআরডিও-র সহযোগী হিসেবে কাজ করছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও-র বিজ্ঞানী ও এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি বলেন, এই সাফল্য ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দাবি, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এমন দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির প্রযুক্তি রয়েছে। এই পরীক্ষার মাধ্যমে ভারত সেই তালিকায় নিজের অবস্থান আরও শক্তিশালী করল।
ডিআরডিও সূত্রে খবর, ভবিষ্যতে আরও একাধিক উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর ‘কুশা’ ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং সংবেদনশীল এলাকাগুলিকে শত্রুপক্ষের আকাশ হামলা থেকে সুরক্ষা দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি বিদেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরতাও কমবে।
উল্লেখ্য, ‘কুশা’-র পাশাপাশি ডিআরডিও ও বিইএল যৌথভাবে কিউআরএসএএম বা কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল প্রকল্পেও কাজ করছে। এর আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আকাশতীর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। এটি স্বল্পপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধবিমানের রিয়্যাল-টাইম সংক্রান্ত তথ্য সরবরাহ করতে সক্ষম। সব মিলিয়ে, বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলার লক্ষ্যে ভারতের প্রচেষ্টায় ‘কুশা’-র সফল পরীক্ষা নতুন গতি এনে দিল।
Leave a Comment