---Advertisement---

মালদার জিকেসিআইইটি নিয়ে সংসদে তথ্য দিল কেন্দ্র, কী জানালেন সুকান্ত?

By Suman Debnath

July 20, 2026 5:25 PM

মালদার জিকেসিআইইটি নিয়ে সংসদে তথ্য দিল কেন্দ্র, কী জানালেন সুকান্ত?

---Advertisement---


মালদার গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-কে ‘ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয়’ করার প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল কেন্দ্র। সোমবার লোকসভায় লিখিত উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার জানান, জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০ সালের লক্ষ্য অনুযায়ী দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বহু বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই জিকেসিআইইটি ‘ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয়’ মর্যাদা পাওয়ার জন্য আবেদন করেছে।

দক্ষিণ মালদার কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীর প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান, ইউজিসি আইন, ১৯৫৬-এর ধারা ৩ অনুযায়ী ‘ডিস্টিঙ্ক্ট’ বিভাগে ‘ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয়’ মর্যাদার জন্য আবেদন জমা দেয় জিকেসিআইইটি। পরে ইউজিসি-র Institutions Deemed to be Universities Regulations, 2023 অনুযায়ী বিশেষজ্ঞ কমিটি আবেদনটি পরীক্ষা করে।

আরও পড়ুন:  ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী! কে তিনি? কী তাঁর শিক্ষাগত যোগ্যতা?

শিক্ষা প্রতিমন্ত্রী জানান, বিশেষজ্ঞ কমিটি আবেদনটি খতিয়ে দেখে ‘লেটার অফ ইন্টেন্ট’ (এলওআই) জারির সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ২০২৫ সালের ৮ ডিসেম্বর জিকেসিআইইটি-র নামে ‘লেটার অফ ইন্টেন্ট’ জারি করে।

তবে কবে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে ‘ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয়’ মর্যাদা দেওয়া হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানাননি শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, প্রয়োজনীয় মূল্যায়ন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১০ সালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে প্রতিষ্ঠিত জিকেসিআইইটি বর্তমানে মালদার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। সংসদে দেওয়া কেন্দ্রের এই লিখিত উত্তরে প্রতিষ্ঠানটির বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার প্রক্রিয়া যে এগিয়ে চলেছে, সেই ইঙ্গিতই মিলেছে।

আরও পড়ুন:  ‘জঘন্য পাপ হয়েছে’, প্রশ্নফাঁস ইস্যুতে ২ মাস পর বোধোদয় মোদির! ধর্মেন্দ্র প্রধান কী ইস্তফা দেবেন?

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment