নিজস্ব প্রতিনিধি, আগরতলা | ১৬ জুলাই ২০২৬: শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রার শুভ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগরতলার ঊষাবাজারের ঐতিহ্যবাহী ভারত রত্ন সংঘের এবারের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এই খুঁটি পুজোকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।
খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক, কার্যকরী কমিটির সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা করা হয় এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
ক্লাবের উদ্যোক্তারা জানান, সময়ের সঙ্গে বিভিন্ন কারণে ক্লাবের ভৌগোলিক পরিধি কিছুটা কমলেও দুর্গাপুজোকে ঘিরে মানুষের আবেগ, উৎসাহ ও অংশগ্রহণে কোনো ভাটা পড়েনি। বরং প্রতি বছরই ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
যদিও এবারের দুর্গাপুজোর থিম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে আয়োজকদের দাবি, দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক নতুন চমক। আকর্ষণীয় মণ্ডপসজ্জা, মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবারের দুর্গোৎসবকে আরও স্মরণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের আশা, আগের বছরের তুলনায় এবার আরও বেশি সংখ্যক ভক্ত, দর্শনার্থী ও পূজাপ্রেমীর সমাগম ঘটবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক সম্প্রীতি এবং উৎসবের আনন্দে মুখর হয়ে উঠবে ঊষাবাজারের ভারত রত্ন সংঘ প্রাঙ্গণ।
খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হলো বহু প্রতীক্ষিত শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক যাত্রা, আর এখন থেকেই উৎসবপ্রেমীদের অপেক্ষা মহালয়া ও দুর্গাপুজোর দিনগুলোর জন্য।
Leave a Comment