আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু)-এর সদর মহকুমা কমিটি।
মিছিলে অংশগ্রহণকারী সিটুর নেতা-কর্মীরা শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার, ‘জি রাম জি’ প্রকল্প বাতিল করে পূর্বের ১০০ দিনের কাজ (মনরেগা) প্রকল্প চালু রাখা এবং শ্রমিকদের জন্য দৈনিক ৭০০ টাকা মজুরি নির্ধারণের দাবি জানান।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, শহরের বিভিন্ন এলাকার দীর্ঘদিনের বেহাল ও অকেজো রাস্তা দ্রুত সংস্কার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও তোলা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অতিরিক্ত বিল, কর্মসংস্থানের সংকট এবং শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার অনিশ্চয়তা সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। তাই জনস্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সিটুর নেতারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Leave a Comment