---Advertisement---

উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার মার্কিন নাগরিক, পাসপোর্ট ছাড়া ৮ মাস ভারতে, উঠছে প্রশ্ন

By Suman Debnath

July 14, 2026 11:20 AM

উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার মার্কিন নাগরিক, পাসপোর্ট ছাড়া ৮ মাস ভারতে, উঠছে প্রশ্ন

---Advertisement---





উত্তরপ্রদেশের সীমান্ত থেকে গ্রেপ্তার এক মার্কিন নাগরিক। অবৈধভাবে নেপালে ঢোকার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় আট মাস ধরে পাসপোর্ট ছাড়াই ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে। ধৃতের নাম জর্ডন ব্রাউন। রবিবার উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা দিয়ে নেপালে ঢোকার সময় বৈধ পাসপোর্ট দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার করে সশস্ত্র সীমা বল (এসএসবি)। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গত বছরের নভেম্বর মাস থেকে তিনি পাসপোর্ট ছাড়াই ভারতের একাধিক শহরে ঘুরছিলেন।

৩৬ বছর বয়সি জর্ডন ব্রাউন নিজেকে মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্য বলে দাবি করেছেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জর্ডনের বক্তব্য, পর্যটক ভিসায় তিনি প্রথমে থাইল্যান্ডে আসেন। সেখানে তাঁর পাসপোর্ট হারিয়ে যায় বলে তিনি দাবি করেছেন। এরপর জলপথে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় পৌঁছন। সেখান থেকে জাহাজে গোয়ায় আসেন ব্রাউন। তাঁর দাবি, গত বছরের ২ নভেম্বর তিনি গোয়ায় পৌঁছেছিলেন। পরে গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্ত যান। সেখানে থেকে নেপালে ঢোকার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন:  বদ্রীনাথে প্রণামীর টাকায় অনিয়মের অভিযোগ, বরখাস্ত কর্মীর বিরুদ্ধে এফআইআর

সীমান্তে পাসপোর্ট বা অন্য কোনও বৈধ ভ্রমণ নথি দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা এবং দু’টি ফোন মিলেছে। তবে পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। তদন্তকারী আধিকারিকদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি একাধিকবার নিজের বক্তব্য বদলেছেন। গোটা ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনায় ফের উঠে আসছে মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাউকের গ্রেপ্তারের প্রসঙ্গ। চলতি বছরের মার্চ মাসে দমদম বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারী সংস্থার অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘খ্রিস্টান রাষ্ট্র’ গঠনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সেই মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি তিহাড় জেলে বন্দি রয়েছেন।

আরও পড়ুন:  তাজমহল কি আসলে ‘তেজো মহালয়’? কেন্দ্র ও ASI-কে হলফনামার নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

এবার জর্ডন ব্রাউনের গ্রেপ্তার পরও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বৈধ পাসপোর্ট ছাড়া তিনি কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে আট মাস ভারতে থাকলেন? কীভাবে একের পর এক শহরে নির্বিঘ্নে ঘুরে-বেড়াতে পারলেন? সে নিয়েই উঠছে প্রশ্ন। আর তা খতিয়ে দেখছে কেন্দ্র।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment