---Advertisement---

বলিউডকে ‘নৈতিকতার পাঠ’ দেওয়া মন্ত্রী, এবার টিকিট না পেয়ে চর্চায়

By Suman Debnath

July 11, 2026 4:00 PM

বলিউডকে ‘নৈতিকতার পাঠ’ দেওয়া মন্ত্রী, এবার টিকিট না পেয়ে চর্চায়

---Advertisement---





বলিউডের কোনও নতুন ছবি মুক্তি পেলেই যেন তাঁর মন্তব্যের অপেক্ষায় থাকত একাংশের রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়া। কখনও দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি, কখনও কোনও দৃশ্য বাদ দেওয়ার দাবি, কখনও আবার নির্মাতাদের উদ্দেশে কড়া বার্তা—মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে অনেকেই মজা করে বলতেন, ‘বলিউডের অঘোষিত সেন্সর’। যদিও তিনি কখনও সেন্সর বোর্ডের সদস্য ছিলেন না। কিন্তু সিনেমা নিয়ে তাঁর ধারাবাহিক মন্তব্য তাঁকে বারবার জাতীয় শিরোনামে এনে দিয়েছে।

এবার অবশ্য সিনেমা নয়, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে নরোত্তম মিশ্র। দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির টিকিট প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু দল শেষ পর্যন্ত আশুতোষ তিওয়ারির নাম ঘোষণা করে। আর সেই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন নরোত্তমের সমর্থকেরা। শনিবার তাঁরা ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধেও স্লোগান ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও সামনে এসেছে।

দাতিয়া আসনে উপনির্বাচনে কংগ্রেসের এক বিধায়ক একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায়। সেই আসনেই টিকিট না মেলায় নরোত্তম-শিবিরে অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। স্থানীয় সূত্রের দাবি, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন কাউন্সিলারও পদত্যাগ করেছেন। রাজনৈতিক মহলের মতে, নরোত্তম মিশ্র বহু বছর ধরে দাতিয়া অঞ্চলে বিজেপির পরিচিত মুখ। তাই তাঁর সমর্থকদের প্রত্যাশাও ছিল বেশি। যদিও নরোত্তম নিজে এখনও প্রকাশ্যে দলবিরোধী কোনও মন্তব্য করেননি।

একসময় সিনেমার দৃশ্য, সংলাপ বা অভিনেত্রীদের পোশাক নিয়ে তাঁর মন্তব্য যেমন জাতীয় বিতর্কের জন্ম দিত, এবার সেই নরোত্তম মিশ্রই নিজের দলীয় টিকিট না পাওয়া নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। বলিউড নিয়ে মন্তব্য করে যিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন, উপনির্বাচনের আগে এবার তাঁর নামই উঠে এসেছে একেবারে ভিন্ন কারণে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment