---Advertisement---

নেশাসক্ত যুবকের মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি নেতাজিনগরে!

By Suman Debnath

December 12, 2025 11:59 AM

---Advertisement---

ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ১২ই ডিসেম্বর: নেতাজি নগর মোটর স্ট্যান্ড সংলগ্ন তেলিয়ামুড়ার রাত বৃহস্পতিবার যেন রণক্ষেত্রে পরিণত হলো। গভীর রাতের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল চিৎকার-চেঁচামেচি, ধাক্কাধাক্কি, আর আগুনের তাপ। ড্রাগস-আসক্ত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা জানিয়ে দিল—তেলিয়ামুড়া আর মাদকচক্রের দাপট সহ্য করবে না।
স্থানীয় সূত্র অনুযায়ী, বহুদিন ধরে মাদকের নেশায় আক্রান্ত নারায়ণ মাদ্রাজির মৃত্যু ঘটে অতিরিক্ত ড্রাগস সেবনের জেরে। এলাকাবাসীর অভিযোগ—নারায়ণ দীর্ঘদিন ধরে প্রশান্ত সরকার ওরফে ‘পেরু’-র কাছ থেকে মাদক সংগ্রহ করত। এই ‘পেরু’—স্থানীয়দের ভাষায় তেলিয়ামুড়ার মাদকচক্রের “মূল কারিগর”, যার বিরুদ্ধে আগেও বহু অভিযোগ উঠেছে, অথচ ব্যবস্থা নেওয়া হয়নি।
নারায়ণের মৃত্যুর খবর ছড়াতেই ক্ষোভে ফুঁসে ওঠে মানুষ। রাত বাড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি সঙ্গবদ্ধ দল পেরুর বাড়ি ঘেরাও করে হামলা চালায়। তার স্কুটি ভাঙচুর, আশেপাশের দোকানে আগুন—মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় ডি.সি.এম ও এস.ডি.পি.ও-এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চাপা উত্তেজনা এখনও রয়ে গেছে।
স্থানীয়দের প্রশ্ন তীব্র—
“বছরের পর বছর এই মাদকচক্র চললো কীভাবে? এত অভিযোগের পরও প্রশাসন নীরব ছিল কেন? আর কত যুবকের প্রাণ যাবে?”
তেলিয়ামুড়ার মানুষ আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে— আর নয়। এবার কঠোর ব্যবস্থা চাই। মাদকচক্রের শেকড় উপড়ে ফেলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
এখন দেখার—জনতার এই ক্ষোভ প্রশাসনকে সত্যিই নাড়াতে পারে কি না। নাকি সময়ের সাথে সাথে আবারও সব চাপা পড়ে যাবে, আর তেলিয়ামুড়া বয়ে বেড়াবে নতুন এক নারায়ণের মৃত্যুর ভার।

আরও পড়ুন:  তেলিয়ামুড়ায় তিনটি জুয়ার আসরে হানা, নগদ অর্থসহ তিন অভিযুক্ত গ্রেপ্তার!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment