কলকাতার বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের কোর্টে কয়েক দিন ধরেই বাড়তি নজর। কারণ, ভারতের মাটিতে পেশাদার টেনিসে অভিষেক হয়েছে টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের মেয়ে আইয়ানা পেজের। ২০ বছরের আইয়ানা আর্জান খোরাকিওয়ালার সঙ্গে জুটি বেঁধে এইচসিএল আইটিএফ ডব্লিউ১৫ কলকাতায় ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। শেষ পর্যন্ত শেষ ষোলোয় থামতে হলেও বেশ কয়েকটি গেমে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন তাঁরা।
আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ব্রিটিশ পাসপোর্টধারী আইয়ানা গত তিন বছর বার্সেলোনায় থেকে টেনিসের প্রশিক্ষণ নিচ্ছেন। তবে ভবিষ্যতে ভারতের হয়ে খেলাই তাঁর ইচ্ছে। আইয়ানার কথায়, ‘‘আশা করি বিষয়টা মিটিয়ে কিছু একটা করা সম্ভব হবে। সব কিছু ঠিকঠাক হলে ভারতের হয়ে খেলতে পারলে দারুণ লাগবে।’’
তবে ভারতের হয়ে খেলতে হলে বর্তমান দ্বৈত নাগরিকত্ব নীতি কিংবা ক্রীড়াক্ষেত্রে ওসিআই (ওভারসিজ় সিটিজেন অফ ইন্ডিয়া) কার্ডধারীদের যোগ্যতার নিয়মে বদল প্রয়োজন।
কলকাতার ম্যাচে দক্ষিণ কোরিয়ার অনু চোই এবং রাশিয়ার মারিয়া পাঙ্করাতোভার কাছে ১-৬, ২-৬ ব্যবধানে হারেন আইয়ানা-আর্জান জুটি। ম্যাচে গ্যালারিতে ছিলেন লিয়েন্ডারও। বাবার উপস্থিতি নিয়ে আইয়ানা বলেন, ‘‘বাবা পাশে থাকলে অনেক কিছু শিখি। বিশেষ করে ডাবলসে তাঁর সঙ্গে থাকা সত্যিই আনন্দের।’’
আইয়ানার শৈশবের একটা বড় অংশ কেটেছে মুম্বইয়ে। তবে কলকাতার সঙ্গে তাঁর আলাদা টান—এ শহরেই জন্ম লিয়েন্ডারের। তাঁর কথায়, ‘‘কলকাতা এখন অনেকটা দ্বিতীয় বাড়ির মতো হয়ে গিয়েছে।’’
অনলাইনে হোয়াটনের ব্যবসায়িক পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন আইয়ানা। টেনিসে তাঁর আদর্শ নোভাক জোকোভিচ। তবে ম্যাচের ফল নয়, প্রতিটি পয়েন্ট ধরে উন্নতি করার মন্ত্র বাবার কাছ থেকেই পেয়েছেন তিনি।
এ দিকে টেনিসে আরও এক তারকা-কন্যার উত্থানও নজর কেড়েছে। মহেশ ভূপতির ১৪ বছরের মেয়ে সাইরা ভূপতি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতে ফুজাইরাহ টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৪ মেয়েদের খেতাব জিতেছেন। ফলে লিয়েন্ডার-ভূপতির পরবর্তী প্রজন্মও যে টেনিস কোর্টে নিজেদের পরিচয় তৈরি করছে, তা স্পষ্ট।
Leave a Comment