ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মামলার শুনানিতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, সৌরভের পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে কেন্দ্র দাবি করেছে, এই অনিয়ম তাঁর নাগরিকত্বের বিষয়টিকেও প্রভাবিত করতে পারে। যদিও পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।
সোমবার রাতে দিল্লি থেকে লন্ডনগামী বিমানে ওঠার কথা ছিল সৌরভের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছেন সিজেপি মুখপাত্র। সেই আমন্ত্রণ রক্ষা করতেই লন্ডন যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া চলাকালীন তাঁকে আটকে দেওয়া হয়। পরে সমাজমাধ্যমে সৌরভ জানান, ইমিগ্রেশন চেকপয়েন্টে পৌঁছনোর পর তাঁকে জানানো হয়, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা হয়েছে।
এই ঘটনার পর বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ। তাঁর অভিযোগ, প্রশাসন অন্যায়ভাবে বিদেশযাত্রায় বাধা দিচ্ছে। বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, গত রবিবার রাতে মহারাষ্ট্র পুলিশ ওই সার্কুলার জারি করে। ফলে এ বিষয়ে সৌরভকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে। তবে সূত্রের খবর, সৌরভের আইনজীবী লুকআউট নোটিসের প্রতিলিপি চাইলে তা কেন্দ্রের তরফে দিতে অস্বীকার করা হয়েছে।
Leave a Comment