ভারতীয় পণ্যে শুল্ক নিয়ে নতুন চাল আমেরিকার, চুক্তি হলে হতে পারে ১৭%!

By Suman Debnath

November 26, 2026 10:20 AM

ভারতীয় পণ্যে শুল্ক নিয়ে নতুন চাল আমেরিকার, চুক্তি হলে হতে পারে ১৭%!


ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক সর্বোচ্চ ১৭ শতাংশে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে আমেরিকা। বুধবার এই ঘোষণা করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তবে দুই দেশের মধ্যে চুক্তি না হলে প্রস্তাবিত শুল্কের হার বেড়ে ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারার অধীনে আট মাস ধরে অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা নিয়ে তদন্ত চালিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর। ভারত-সহ মোট ১৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এই তদন্তের আওতায় রয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, ভারতের শিল্প সম্প্রসারণের পরিকল্পনা, আর্থিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও বাজারে প্রবেশের বাধা মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। স্বাস্থ্য, ইস্পাত, সৌরশক্তি ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

আরও পড়ুন:  কেন্দ্রকে সমর্থন করতে পারে এনসিপি

প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হলে তদন্তের আওতাভুক্ত দেশগুলির মধ্যে ভিয়েতনামের পরেই থাকবে ভারত। ভিয়েতনামের ক্ষেত্রে প্রস্তাবিত হার ৩৫ শতাংশ। অন্যদিকে, বাণিজ্য চুক্তি হলে ১৭ শতাংশ শুল্কের ফলে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা সুবিধা পাবে ভারত। বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্ক ১৮ শতাংশ।

তবে নতুন শুল্ক বর্তমান ১০ শতাংশ মার্কিন শুল্কের উপর অতিরিক্তভাবে চাপানো হবে না। বিদ্যমান শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বিধিনিষেধ বিবেচনা করেই চূড়ান্ত হার নির্ধারণের কথা জানিয়েছে মার্কিন দপ্তর। ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, তারা মার্কিন বিজ্ঞপ্তি খতিয়ে দেখছে। তদন্তে ভারত সদর্থকভাবে অংশগ্রহণ করেছে বলেও দাবি করেছে মন্ত্রক। এর পাশাপাশি কোনও ক্ষেত্রেই ভারতের কাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই বলে স্পষ্ট জানিয়েছে নয়াদিল্লি। বাণিজ্য সংক্রান্ত যাবতীয় উদ্বেগ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মেটানো উচিত বলে জানিয়েছে ভারত।

আরও পড়ুন:  ‘সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করুন, না হলে পাবেন না জল’, সিন্ধু জল চুক্তি নিয়ে স্পষ্ট বার্তা ভারতের

অন্যদিকে, দিল্লির গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) এই প্রস্তাবের সমালোচনা করেছে। তাদের মতে, শুল্কের ভয় দেখিয়ে আমেরিকা ভারতের কাছ থেকে একতরফা বাণিজ্যিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। সংস্থাটি ভারতকে মার্কিন অভিযোগের প্রতিটি ক্ষেত্র ধরে জবাব দেওয়ার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে বাণিজ্যিক চাপ

সব মিলিয়ে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যত এখন ওয়াশিংটনের নতুন শুল্ক কাঠামো ও দুই দেশের চলমান আলোচনার উপর নির্ভর করছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment