মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা নিজের ঘরই: প্রতি দিন আত্মীয়দের হাতে খুন ১২৯ নারী, শিউরে ওঠা পরিসংখ্যান রাষ্ট্রসঙ্ঘের

By Suman Debnath

November 24, 2026 7:55 PM

মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা নিজের ঘরই: প্রতি দিন আত্মীয়দের হাতে খুন ১২৯ নারী, শিউরে ওঠা পরিসংখ্যান রাষ্ট্রসঙ্ঘের


আধুনিক বিশ্ব যতই এগোক, নারী ও কিশোরীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আজও তাঁদের নিজের ঘরই। রাষ্ট্রপুঞ্জের সদ্য প্রকাশিত এক যৌথ সমীক্ষায় উঠে এল এমনই গায়ে কাঁটা দেওয়া বাস্তব। মঙ্গলবার ‘ইউএন উইমেন’ (UN Women) এবং ‘ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’-এর (UNODC) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে সারা বিশ্বে অন্তত ৪৭ হাজার নারী ও কিশোরী খুন হয়েছেন তাঁদের জীবনসঙ্গী বা পরিবারেরই কোনও সদস্যের হাতে। সংখ্যার হিসাবে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ জন এবং প্রতি দিন ১২৯ জন নারীকে প্রাণ হারাতে হয়েছে সবচেয়ে কাছের মানুষদের আঘাতেই। আগামী ২৫ নভেম্বর ‘নারীর বিরুদ্ধে সহিংসতা বিলোপের আন্তর্জাতিক দিবস’-এর (International Day for the Elimination of Violence against Women) প্রাক্কালে প্রকাশিত এই রিপোর্ট বিশ্ব জুড়ে প্রশাসনিক ও সামাজিক ব্যর্থতাকে ফের নগ্ন করে দিল।

বিশ্বের ১২২টি দেশ ও ভূখণ্ডের অপরাধ-সংক্রান্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে তৈরি করা ‘ফেমিসাইডস ইন ২০২৫’ (Femicides in 2025) শীর্ষক এই প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর সারা পৃথিবীতে পরিকল্পিত ভাবে মোট ৭৮ হাজার নারী ও কিশোরীকে হত্যা করা হয়। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ হত্যাকাণ্ডই ঘটিয়েছেন আক্রান্তের স্বামী, সঙ্গী কিংবা বাবা, ভাই বা কাকার মতো পরিবারের কোনও ঘনিষ্ঠ আত্মীয়। যদিও ২০২৪ সালে এই আনুমানিক সংখ্যাটি ছিল ৫০ হাজার, তবু ৪৭ হাজারে নেমে আসাকে পরিস্থিতির উন্নতি বলে মানতে নারাজ রাষ্ট্রপুঞ্জ। সংস্থাটির স্পষ্ট বক্তব্য, বিভিন্ন দেশের তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তনের কারণেই সংখ্যার এই সামান্য হেরফের হয়েছে। আদতে গত কয়েক বছর ধরেই এই সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের আশপাশে ঘোরাঘুরি করছে।

বাইরের জগতের চেয়ে নিজের ঘরই বিপদের

অপরাধের পরিসংখ্যান বলছে, বিশ্বে মোট খুন হওয়া মানুষের মধ্যে নারীর সংখ্যা ১৯ শতাংশ হলেও, সেই নিহত নারীদের ৬০ শতাংশকেই প্রাণ দিতে হয় ঘরের চার দেওয়ালের মধ্যে। অথচ পুরুষদের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। খুন হওয়া পুরুষদের মাত্র ১১ শতাংশের মৃত্যু ঘটে পারিবারিক বা ঘনিষ্ঠ পরিসরে। ইউএন উইমেনের পৃথক এক সমীক্ষা আরও ভয়াবহ দিক তুলে ধরেছে। বিশ্বে প্রতি তিন জন নারীর মধ্যে প্রায় এক জন জীবনের কোনও না কোনও সময়ে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হন, কিন্তু পুলিশের দ্বারস্থ হন তাঁদের মধ্যে মাত্র ৭ শতাংশ। বিচারব্যবস্থার প্রতি অনাস্থা এবং সামাজিক লোকলজ্জার ভয়ে বেশির ভাগ নারীই মুখ খোলেন না, আর তার চরম পরিণতি ঘটে হত্যাকাণ্ডে।

আরও পড়ুন:  ভারতে স্টারলিঙ্কের প্রবেশে বাধা! কোন গোষ্ঠীর নাম না করেই বিস্ফোরক অভিযোগ মাস্কের

পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউএনওডিসি-র এগজিকিউটিভ ডিরেক্টর মনিকা জুমা (Monica Juma)। তাঁর কথায়, দীর্ঘ দিন ধরেই এই উদ্বেগজনক পরিসংখ্যান সামনে আসছে। ভয়ঙ্কর সামাজিক মানসিকতা, চিরাচরিত কুসংস্কার এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ব্যর্থতা এমন এক পরিবেশ তৈরি করেছে, যেখানে স্ত্রী, কন্যা, মা বা বোনকে হত্যা করাটাও যেন সমাজে ‘সহনীয়’ হয়ে উঠছে। অন্য দিকে, ইউএন উইমেনের এগজিকিউটিভ ডিরেক্টর সিমা বাহুস (Sima Bahous) জোর দিয়েছেন আগাম প্রতিরোধের ওপর। তাঁর মতে, নারী-হত্যা খুব কম ক্ষেত্রেই কোনও বিচ্ছিন্ন ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই এটি দীর্ঘ দিন ধরে চলা হুমকি ও নির্যাতনের চূড়ান্ত পর্যায়। সময় থাকতে থাকতেই অপরাধীদের শাস্তির আওতায় না আনতে পারাকে আইনের মৌলিক ব্যর্থতা বলেই চিহ্নিত করেছেন তিনি।

আফ্রিকা শীর্ষে, দ্বিতীয় এশিয়া

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, পৃথিবীর কোনও প্রান্তেই নারীরা পারিবারিক হত্যা থেকে সম্পূর্ণ সুরক্ষিত নন। তবে মহাদেশ-ভিত্তিক হিসাবে সবচেয়ে করুণ পরিস্থিতি আফ্রিকার। ২০২৫ সালে আফ্রিকায় সঙ্গী বা আত্মীয়দের হাতে খুন হয়েছেন ২২,১০০ জন নারী ও কিশোরী। জনসংখ্যার অনুপাতেও আফ্রিকাই শীর্ষে। সেখানে প্রতি এক লক্ষ নারীর মধ্যে ২.৯ জন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মৃত্যুর সংখ্যার নিরিখে আফ্রিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া। গত বছর এশিয়ায় পরিবারের লোকজন বা সঙ্গীর হাতে প্রাণ হারিয়েছেন ১৫,১০০ জন নারী ও কিশোরী, যদিও বিপুল জনসংখ্যার কারণে এশিয়ায় প্রতি এক লক্ষে এই হার ০.৬। এর পরে রয়েছে আমেরিকা মহাদেশ, যেখানে নিহতের সংখ্যা ৭৪০০ জন যা প্রতি এক লক্ষে ১.৪ জন। ইউরোপে গত বছর আপনজনের হাতে প্রাণ দিয়েছেন ২ হাজার ১০০ জন নারী। প্রতি এক লক্ষে ০.৫ জন। এবং ওশেনিয়া অঞ্চলে এই সংখ্যা ৩০০, অর্থাৎ প্রতি এক লক্ষে ১.১ জন।

আরও পড়ুন:  এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, নেতৃত্বে জিনপিংয়ের পরেই দ্বিতীয় মোদী: রিপোর্ট

অধরা বহু পরিসংখ্যান

রিপোর্টের অন্যতম তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ হল, সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ব জুড়ে সাধারণ খুনের হার (homicide rates) উল্লেখযোগ্য ভাবে কমলেও, নারী-হত্যা বা ‘ফেমিসাইড’-এর (femicide) হার কমেছে অত্যন্ত মন্থর গতিতে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা মহাদেশে সাধারণ খুনের হার ফেমিসাইডের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুততায় কমেছে এবং ইউরোপে সেই হার দেড় গুণ দ্রুত। রাষ্ট্রপুঞ্জের মতে, এই বৈষম্য প্রমাণ করে যে নারী-নিধনের শিকড় সমাজের গভীরে প্রোথিত পিতৃতান্ত্রিক ধারণা ও লিঙ্গ-বৈষম্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। পাশাপাশি, এখন অনলাইন নজরদারি এবং প্রযুক্তির সাহায্যে পিছু নেওয়ার (stalking) প্রবণতাও নারী-হত্যার অন্যতম পূর্বলক্ষণ হয়ে উঠছে।

আরেকটি বড় আশঙ্কার জায়গা হল তথ্যের অপ্রতুলতা। নারী-হত্যা কেবল ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। সংগঠিত অপরাধ, মানব পাচার, জোরপূর্বক শ্রম, যৌন সহিংসতা বা তথাকথিত সম্মানরক্ষার্থে হত্যার মতো ঘটনাও এর আওতায় পড়ে। কিন্তু পারিবারিক বৃত্তের বাইরে ঘটা এই ধরনের হত্যাকাণ্ডের নির্ভরযোগ্য তথ্য বেশির ভাগ দেশেই নথিভুক্ত হয় না। ফলে প্রকৃত মৃতের সংখ্যা যে ৪৭ হাজারের চেয়েও ঢের বেশি, সে বিষয়ে কার্যত নিঃসন্দেহ বিশেষজ্ঞেরা। প্রতি দিন হারিয়ে যাওয়া ১২৯ জন নারীর স্মরণে এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করার দাবিতে এ দিন নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে ১২৯টি কমলা পতাকা নিয়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে ১৬ দিনের বিশ্বব্যাপী প্রতিবাদ অভিযানের সূচনা করেছে ইউএন উইমেন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment