তামিলনাড়ুর সরকারি খাত থেকে উধাও ২২ কোটি টাকা! ‘বিজয় কোথায়?’ প্রশ্ন তুলে সরব বিজেপি

By Suman Debnath

November 10, 2026 7:50 PM

তামিলনাড়ুর সরকারি খাত থেকে উধাও ২২ কোটি টাকা! ‘বিজয় কোথায়?’ প্রশ্ন তুলে সরব বিজেপি

চেন্নাই: তামিলনাড়ুর সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২২ কোটি ১০ লক্ষ টাকা উধাও হওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন তিনটি সরকারি অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে জবাবদিহি দাবি করেছে বিজেপি।

তামিলনাড়ুর এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রামনাথপুরম জেলার মণ্ডপম পঞ্চায়েত ইউনিয়নের অ্যাকাউন্ট থেকে ১৪ কোটি টাকা, নাগাপট্টিনম জেলা থেকে ৩ কোটি ১০ লক্ষ টাকা এবং তিরুপুরের ধরমপুরম পঞ্চায়েত ইউনিয়নের অ্যাকাউন্ট থেকে ৫ কোটি টাকা উধাও হয়েছে। সব মিলিয়ে অভিযোগের অঙ্ক ২২ কোটি ১০ লক্ষ টাকা।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী বিজয়কে নিশানা করেছেন বিজেপির দক্ষিণী রাজ্যের সম্পাদক বিনোজ পি সেলভাম। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তুলেছেন, “জনতা জবাব চাইছে, বিজয় এখন কোথায়?” তাঁর কটাক্ষ, সিনেমার ফ্যান ক্লাব ও সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করানো এবং একটি রাজ্য সরকার পরিচালনা করা সম্পূর্ণ আলাদা বিষয়।

আরও পড়ুন:  বিজেপি ত্যাগ করলেন সর্বভারতীয় মুখপাত্র, প্রধানমন্ত্রীর আজীবনের অনুগামী পোস্ট সমাজমাধ্যমে

অন্যদিকে, এই অর্থ তছরুপের ঘটনায় সাইবার অপরাধীদের যোগ থাকার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সন্দেহ করা হচ্ছে, নাইজেরিয়াভিত্তিক কোনও সাইবার অপরাধী চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। ইতিমধ্যেই সন্দেহজনক আইপি অ্যাড্রেস এবং যে সমস্ত অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে ঘিরে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে আসছে বিরোধী শিবির। এবার সরকারি অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা এবং অর্থ তছরুপের সঙ্গে জড়িতদের পরিচয় সামনে আসার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment