ফ্রান্সে ৭০০-র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা, ইরানের আইআরজিসি-কে দায়ী প্যারিসের

By Suman Debnath

November 10, 2026 11:00 AM

ফ্রান্সে ৭০০-র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা, ইরানের আইআরজিসি-কে দায়ী প্যারিসের


ফ্রান্সের ৭০০-রও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছে। নিশানা করা হয়েছিল রেফ্রিজারেশন ব্যবস্থায়। এর ফলে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী। একাধিক জায়গায় আগুনও লেগেছে। এই হামলার পিছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর হাত রয়েছে বলে অভিযোগ ফ্রান্সের। এই ঘটনায় ইরানের কড়া সমালোচনা করেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। অভিযুক্তদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ফ্রান্স।

ফরাসি কর্তৃপক্ষের দাবি, গত ১১ ও ১২ অক্টোবর রাতে এই সাইবার হামলা চালানো হয়। হ্যাকাররা দূর থেকে রেফ্রিজারেশন কন্ট্রোলারগুলির নিয়ন্ত্রণ নিয়ে কুলিং সিস্টেমের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে সুপারমার্কেট-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষিত তাজা খাবার নষ্ট হয়ে যায়। বিএফএমটিভি (BFMTV)-র প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা কয়েকটি যন্ত্রে ডিফ্রস্ট সাইকেল চালু করে দেয়। এর জেরে কিছু যন্ত্রে আগুন লাগে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে এআই-এর নাম বদলে সুপার ইন্টেলিজেন্স, সমর্থন টেক সংস্থার সিইও-দের

রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো বলে অনুমান ফ্রান্সের। সে দেশের বিদেশ মন্ত্রকের ৯ নভেম্বরের বিবৃতিতে এই হামলার জন্য আইআরজিসি (IRGC)-র ইলেকট্রনিক অ্যান্ড সাইবার সেন্টারের অধীনস্থ শহিদ কাভে (Shahid Kaveh) নামে একটি সাইবার ইউনিটকে দায়ী করা হয়েছে।

ফরাসি বিদেশমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো অভিযোগ করেছেন, এটি ফ্রান্সের মাটিতে নিছক নাশকতার উদ্দেশ্যে চালানো প্রথম বড় সাইবার হামলা। প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর ইউনিটটির প্রধান, দুই সহকারী এবং অন্যান্য সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের দাবি, ফরাসি ভাষার নথি, ইরানের সঙ্গে যুক্ত ইন্টারনেট পরিষেবা ও আগের সাইবার অভিযানের সঙ্গে প্রযুক্তিগত মিল থেকে এই যোগসূত্র পাওয়া গিয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানানো হয়েছে। তবে এখনও তদন্ত চলছে। কিন্তু অভিযোগগুলি এখনও আদালতে প্রমাণিত হয়নি।

আরও পড়ুন:  ভোট হলেই হোয়াইট হাউস থেকে ঘাড়ধাক্কা প্রায় নিশ্চিত, ট্রাম্পের ঘুম উড়িয়ে দিয়েছে জনমত সমীক্ষা

সোমবার প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কো রুবিও বলেন, এরা কী ধরনের অসুস্থ মানসিকতার মানুষ? ফ্রান্স তো এই যুদ্ধে সরাসরি জড়িতই নয়। তিনি আইআরজিসি-কে বিদেশে নাশকতা ও সন্ত্রাসবাদে জড়িত একটি উগ্র বিপ্লবী গোষ্ঠী বলে আখ্যা দেন। তবে ইরানের সাধারণ মানুষকে সে দেশের শাসকগোষ্ঠীর সঙ্গে এক করে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। অভিযুক্ত ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে ইুরোপীয় নিষেধাজ্ঞার প্রস্তাব আনার পাশাপাশি আরও পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে প্যারিস। সুইডেন, বেলজিয়াম ও আয়ারল্যান্ডেও নভেম্বরের শুরুতে একই ধরনের রেফ্রিজারেশন ব্যবস্থায় এই রকম হামলার খবর পাওয়া গিয়েছে। তবে সেইসব ঘটনাগুলির সঙ্গে এখনও ফ্রান্সের কোনও যোগ পাওয়া যায়নি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment