দূষণে নতুন রেকর্ড গড়ল ভারত, দিওয়ালির পর বিশ্বের ১০০টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ৯৯টিই এ দেশের

By Suman Debnath

November 9, 2026 8:05 PM

দূষণে নতুন রেকর্ড গড়ল ভারত, দিওয়ালির পর বিশ্বের ১০০টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ৯৯টিই এ দেশের


আলোর উৎসবে ভয়াবহ বায়ুদূষণের কবলে গোটা দেশ। সুপ্রিম কোর্টের কড়া নিষেধাজ্ঞা এবং সরকারি বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দীপাবলিতে যথেচ্ছ বাজি পোড়ানোর খেসারত দিচ্ছে ভারত। একিউআই ডট ইন-এর (AQI.in) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের ১০০টি সর্বাধিক দূষিত শহরের তালিকায় ৯৯টি শহরই ভারতের। উৎসবের পরের দিন সকাল থেকেই দূষণের জেরে দিল্লি থেকে শুরু করে বাণিজ্যনগরী মুম্বাই, সর্বত্রই হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

গ্যাস চেম্বার গোটা দেশ

একিউআই ডট ইন-এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, দূষণের নিরিখে এই মুহূর্তে গোটা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে পাঞ্জাবের ভাটিন্ডা। রাজধানী দিল্লির অবস্থাও তথৈবচ। ৮ নভেম্বর দিওয়ালির রাতে দিল্লির সোনিয়া বিহার বা জাহাঙ্গিরপুরীর মতো এলাকাগুলিতে বায়ু গুণমান সূচক বা একিউআই (AQI) চারশোর গণ্ডি ছাড়িয়ে যায়, যা ‘ভয়াবহ’ (severe) পর্যায়ে পড়ে। সামগ্রিকভাবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) পরিসংখ্যান অনুযায়ী, দিওয়ালির পরের দিন দিল্লির গড় একিউআই ছিল ৩৭৬, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ।

এমনকি বেশ কিছু বেসরকারি রিয়েল-টাইম মনিটরিং স্টেশনে দিল্লির একিউআই সাময়িকভাবে ২০০০ পার করে গিয়েছিল বলেও দাবি করা হয়েছে। শুধু দিল্লি-এনসিআর (Delhi-NCR) নয়, দূষণের এই বিষবাষ্প ছড়িয়ে পড়েছে মুম্বাই, চেন্নাই এবং তিরুপতির মতো শহরগুলিতেও। বাদ যায়নি কলকাতাও।

বাজি বিতর্ক

আরও পড়ুন:  কর্ণাটকের মন্দিরে পুলিশকর্মীকে চড়, বিধায়কের মেয়ের সঙ্গে হাতাহাতির সিসিটিভি ফুটের প্রকাশ্যে

বায়ুদূষণের এই ভয়াবহ পরিস্থিতির জন্য মূলত উৎসবের রাতে যথেচ্ছ বাজি পোড়ানোকেই দায়ী করছেন পরিবেশবিদেরা। সুপ্রিম কোর্ট হাসপাতাল ও সাইলেন্স জোনের ৩০০ মিটারের মধ্যে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং ৯ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ বাজি বাতিলের নির্দেশ ছিল। কিন্তু বাস্তবে সেই নিয়মের তোয়াক্কা না করে রাতভর শব্দবাজি ও আতসবাজি পুড়িয়েছে উন্মত্ত জনতা। এবং সোমবারও তাতে বিন্দুমাত্র লাগাম পরানো যায়নি।

বাজির ধোঁয়ার পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানায় খড়কুটো পোড়ানো (stubble burning) এবং যানবাহনের দূষণ পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা এবং বাতাসের গতিবেগ কম থাকায় ধোঁয়া ও কুয়াশা মিলে মারাত্মক ধোঁয়াশার (smog) সৃষ্টি হয়েছে। এর জেরে দৃশ্যমানতা কমে সফদরজং ও পালামে যথাক্রমে ৫০ ও ৪০০ মিটারে এসে ঠেকে।

আরও পড়ুন:  সৌরভ-অভিষেকের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র কেন? মোদীকে বিঁধেও উৎসবের মরশুমে আন্দোলন স্থগিতের ডাক অভিজিৎ দীপকের

রাজনৈতিক তরজা

দূষণের এই ভয়াবহ পরিসংখ্যান সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে জানিয়েছেন, ভারত এমনই এক ‘বিশ্বগুরু’তে পরিণত হয়েছে যেখানে বিশ্বের ১০০টি দূষিত শহরের মধ্যে ৯৯টিই রয়েছে।

যদিও রাজনৈতিক দোষারোপের ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে বড় চিন্তার কারণ। চিকিৎসকদের পরামর্শ, এই আপৎকালীন পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই এন৯৫ (N95) মাস্ক ব্যবহার করতে হবে এবং ঘরে এয়ার পিউরিফায়ার চালানো জরুরি। নিজের এলাকার বায়ু দূষণের মাত্রা জানতে এবং সতর্ক থাকতে একিউআই ডট ইন (aqi.in) ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন নাগরিকরা।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment