খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সূচি ঘোষণা, কবে শুরু প্রতিযোগিতা?

By Pritam Shil

November 9, 2026 3:40 PM

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সূচি ঘোষণা, কবে শুরু প্রতিযোগিতা?


২০২৬ সালের ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’-এর সম্পূর্ণ সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সোমবার তিনি জানান, আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর তেলঙ্গানায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। খেলো ইন্ডিয়া কর্মসূচির অন্যতম বড় আয়োজন এই প্রতিযোগিতায় থাকছে ২৭টি মূল খেলা এবং একটি প্রদর্শনীমূলক খেলা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

হায়দরাবাদের একাধিক জায়গায় হবে প্রতিযোগিতার বেশিরভাগ ইভেন্ট। এর মধ্যে রয়েছে বাসিরবাগের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম চত্বর এবং আধুনিক গাচিবাউলি স্পোর্টস কমপ্লেক্স। মোট ২২টি খেলায় পদকের লড়াই হবে হায়দরাবাদে। বাকি খেলাগুলি হবে তেলঙ্গানার পাঁচটি শহরে। খাম্মামে হবে তিরন্দাজি, হনুমানকোন্ডায় অ্যাথলেটিক্স, করিমনগরে জুডো, নিজামাবাদে টেবিল টেনিস এবং মাহবুবনগরে কাবাডি।

সূচি ঘোষণা করে মাণ্ডব্য বলেন, “২০২৬ সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সূচি ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই এ বছরের খেলো ইন্ডিয়া আয়োজনের পর্ব শুরু হবে। গত কয়েক বছরে এই প্রতিযোগিতা প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ করে দিয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের সাহায্যে তাঁরা নিজেদের আরও উন্নত করার সুযোগ পেয়েছেন। আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পর এই প্রতিযোগিতা হচ্ছে। তাই এখানে ভালো পারফরম্যান্স দেখার আশা করছি।” ১২ দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৬ হাজার খেলোয়াড় এবং ১ হাজার ৮০০ জন সহায়ক কর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম তেলঙ্গানায় আয়োজিত হতে চলেছে ইয়ুথ গেমস।

আরও পড়ুন:  Cricket World Cup 2027: ১০ নয়, এবার ১৪ দল! বদলে গেল বিশ্বকাপের ফরম্যাট, কত ম্যাচ খেলবে ভারত? জানাল আইসিসি

এবারের প্রতিযোগিতায় নতুন করে যুক্ত হচ্ছে সফটবল। প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের সূচিতে জায়গা পেয়েছে পালতোলা নৌকার খেলা বা সেলিং। তবে এটি পদকের লড়াইয়ের অংশ নয়, প্রদর্শনীমূলক খেলা হিসেবে রাখা হয়েছে। এ প্রসঙ্গে মাণ্ডব্য বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান, দেশের ক্রীড়াক্ষেত্র আরও বড় হোক, যাতে অলিম্পিকে আরও বেশি সংখ্যক খেলায় ভারত অংশ নিতে পারে। সমুদ্র ও পাহাড়ের মতো প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যে খেলাগুলি হয়, সেগুলিকেও উৎসাহ দেওয়ার কথা বলেছেন তিনি। সেলিং তেমনই একটি খেলা। তাই এই প্রতিযোগিতায় আমাদের সেলিং খেলোয়াড়দের অংশগ্রহণ এবং খেলাটির প্রচারে সাহায্য করতে পারা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।”

এর আগে ২০২৫ সালের ৩ থেকে ১৫ মে বিহারে বসেছিল খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আসর। সেবার ৫৮টি সোনা, ৪৭টি রুপো এবং ৫৩টি ব্রোঞ্জ-সহ মোট পদক তালিকায় শীর্ষে থেকে খেতাব ধরে রেখেছিল মহারাষ্ট্র। এটি ছিল তাদের পঞ্চম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস জয়। টানা তৃতীয়বারও তারা চ্যাম্পিয়ন হয়েছিল।দ্বিতীয় স্থানে ছিল হরিয়ানা। তাদের ঝুলিতে ছিল ৩৯টি সোনা, ২৭টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ। ২৪টি সোনা, ১২টি রুপো ও ২৪টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়েছিল রাজস্থান। বিহারের প্রতিযোগিতায় মোট ২৬টি নতুন রেকর্ড তৈরি হয়েছিল। এর মধ্যে মেয়েদের বিভাগে হয়েছিল আটটি রেকর্ড। ভারোত্তোলনে তৈরি হয়েছিল পাঁচটি জাতীয় যুব রেকর্ড।

আরও পড়ুন:  পর্তুগালের জার্সিতে ইতি? সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনাল্ডো!

তেলঙ্গানার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে ২৭টি মূল খেলা:

তিরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গৎকা, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, কাবাডি, কলারিপায়াত্তু, খো-খো, মল্লখম্ব, রোয়িং, শুটিং, সাঁতার, সফটবল, টেবিল টেনিস, টেনিস, থাং তা, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি এবং যোগাসন।

No comments to show.

Leave a Comment