আদালত অবমাননার চাপে নতিস্বীকার এসএসসির! হাইকোর্টের নির্দেশে চাকরি ফেরত ৭৯ শিক্ষকের

By Suman Debnath

November 9, 2026 3:35 PM

আদালত অবমাননার চাপে নতিস্বীকার এসএসসির! হাইকোর্টের নির্দেশে চাকরি ফেরত ৭৯ শিক্ষকের


আদালত অবমাননার মামলায় শেষ পর্যন্ত পিছু হটতে হল স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি)। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং আদালতে দেওয়া প্রতিশ্রুতি মেনে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি ফিরে পাওয়ার পথ খুলল ওই ৭৯ জনের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশের পরেও কমিশন পদক্ষেপ না করায় শুরু হয়েছিল আদালত অবমাননার মামলা। সেই মামলায় আদালতের রোষের মুখে পড়ে ছয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিয়োগের আশ্বাস দিয়েছিল এসএসসি। শেষ পর্যন্ত সেই আশ্বাস মেনেই বিজ্ঞপ্তি প্রকাশ।

মামলাকারী সুমনা বেরা ও তিতাস দাস-সহ ৭৯ জনের পক্ষের আইনজীবী আশীস কুমার চৌধুরী আদালতে দাবি করেন, তাঁরা প্রত্যেকেই যোগ্য শিক্ষক। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—তিনটি স্তরেই অংশ নিয়েছিলেন তাঁরা। প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম ছিল। কিন্তু নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া আগে সম্পন্ন হওয়ায় ওই দুই স্তরে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তাঁরা। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আর অংশ নেওয়া হয়নি তাঁদের।

আরও পড়ুন:  ভারতবিরোধী শক্তির বিনাশ হোক, দুর্গার কাছে প্রার্থনা অগ্নিমিত্রার

এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই তালিকায় বাদ পড়েন এই ৭৯ জনও। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আগের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য এবং যাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ নেই, তাঁদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার সুযোগের কথা বলা হয়েছিল।

সেই সুযোগের দাবিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমনা বেরা, তিতাস দাস-সহ ৭৯ জন। তাঁদের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, মামলাকারীরা প্রত্যেকেই ‘আনটেন্টেড’ বা কোনও অনিয়মের অভিযোগমুক্ত। এসএসসির গাফিলতির কারণেই তাঁদের চাকরি গিয়েছে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে চাকরি পেয়ে যাওয়ায় তাঁরা আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অংশ নেননি। অথচ ওই স্তরের চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম ছিল। তাই আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে তাঁদেরও সুযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন, কেমন হবে শুভেন্দুর সুরক্ষাবলয়? জানুন

বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে যখন আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়া চলছিল, সেই সময়েই ৭৯ জনকে কাউন্সেলিংয়ে সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। মামলাকারীদের বক্তব্য বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে নির্দেশ দেন, সমস্ত দিক খতিয়ে দেখে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে।

কিন্তু আদালতের নির্দেশের পরেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ফের হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষক-শিক্ষিকারা। দায়ের হয় আদালত অবমাননার মামলা। শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, শূন্যপদের হিসাব খতিয়ে দেখে ছয় সপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। সেই মর্মে আদালতে মুচলেকাও দেয় এসএসসি।

আরও পড়ুন: শূন্যে লক্ষ্য করে পর পর গুলি, আতঙ্কে কাঁপছে সরশুনার বাসিন্দারা

অবশেষে আদালতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৭৯ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘদিনের অনিশ্চয়তা, চাকরি হারানোর যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর এই বিজ্ঞপ্তিতে স্বস্তি ফিরল ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার জীবনে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment