এনআরএসের তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্ত পুলিশ

By Suman Debnath

November 9, 2026 11:05 AM

এনআরএসের তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্ত পুলিশ


এবার নাগেরবাজারের হস্টেল থেকে উদ্ধার হল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ। মৃতের নাম অভিজিৎ সরকার (৩০)। তিনি এনআরএসের হাউস স্টাফ ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। রবিবার রাতে হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও সেটা মানতে নারাজ মৃতের পরিবারের সদস্যরা। ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারের সদস্যরা।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। কীভাবে এই ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে হস্টেলের অন্যান্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে দুটি ঘটনা এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। এক, তরুণ চিকিৎসক অভিজিৎ সরকারের পরিবার এটাকে আত্মহত্যা বলে মানতে নারাজ। তাঁরা খুনের দাবি করেছেন। দুই, মৃত্যুর আগে নিজের হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে অভিজিৎ সরকার লিখেছিলেন, ‘আমি আর পেরে উঠছি না।’ কীসের সঙ্গে পেরে উঠছিলেন না তিনি? কোন চাপ ছিল তাঁর উপর? কেন তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে হল? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:  গেরুয়া শিবিরের দখলে নদিয়া জেলা পরিষ, 'বিবেক ভোটে' সভাধিপতি বিজেপির প্রণতি বিশ্বাস

পুলিশ সূত্রে খবর, অভিজিৎ সরকার নদিয়ার মাঝেরগ্রামের সাপজলার বাসিন্দা। ২০১৮ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর সেখানেই হাউসস্টাফ হিসেবে কাজ ছিলেন তিনি। মেধাবী হিসাবে তাঁর যথেষ্ট সুনাম ছিল। নাগেরবাজার এলাকার একটি হস্টেলে থাকতেন তিনি। যেহেতু রোজ নদিয়া থেকে যাতায়াত করা সম্ভব নয় তাই হস্টেলে থাকা। পরিবারের দাবি, রবিবার হস্টেলের পক্ষ থেকে বাড়িতে ফোন করে জানানো হয়, অভিজিৎ আত্মহত্যা করেছেন এবং ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তাছাড়া অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, হস্টেলের ভিতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শোনা গিয়েছিল। তাই উঠছে একাধিক প্রশ্ন। চিৎকার শোনার পর কী পদক্ষেপ করা হয়েছিল, আদৌ কেউ সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের এমন আকস্মিক মৃত্যুর নেপথ্যে কী কারণ সেটা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যা নাকি খুন? তদন্ত করে দেখছে পুলিশ। পরিবারের দাবি, গত কদিন ধরেই সমাজমাধ্যমে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন অভিজিৎ। তা দেখে পরিবারের সন্দেহ, কোনও কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই তরুণ চিকিৎসক। এটা পরিকল্পিত খুন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন:  মেট্রো যাত্রীদের জন্য সুখবর, আজ থেকেই ভোর থেকে মিলবে পরিষেবা, রাতেও পাওয়া যাবে মেট্রো

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment