বেঙ্গালুরু, ৮ নভেম্বর: বিকেলের স্বাভাবিক বিমানযাত্রা মুহূর্তে পরিণত হল আতঙ্কে। গন্তব্য ছিল লখনউ। কিন্তু মাঝআকাশে বিমানের শৌচাগারে মিলল বিমান হাইজ্যাকের হুমকিমূলক হাতে লেখা চিঠি। সমগ্র বিমানজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কোনও ঝুঁকি না নিয়ে মাঝপথ থেকেই বিমানটিকে ফিরিয়ে আনা হল বেঙ্গালুরুতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা গিয়েছে, ইন্ডিগোর একটি বিমান রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে বেঙ্গালুরু থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ১৭৮ জন যাত্রী। উড়ানের কিছুক্ষণ পরেই বিমানের শৌচাগারে একটি হাতে লেখা চিঠি দেখতে পান এক যাত্রী। সেখানে লেখা ছিল, ‘ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই বিমানটি হাইজ্যাক করা হবে। বিষয়টি এড়িয়ে গেলেই পরিণতি খারাপ হবে।’ চিঠিটি দেখার পরই ওই যাত্রী বিষয়টি বিমানকর্মীদের জানান। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে গন্তব্যে না নিয়ে ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের টার্মিনাল ১-এ পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটি অবতরণের পর সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর নিরাপত্তারক্ষীরা গোটা বিমানে তল্লাশি চালান। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, বিমানের ভিতরেই কোনও যাত্রী ওই হুমকি-চিঠি রেখে থাকতে পারেন। সেই সূত্র ধরে যাত্রীদের জিজ্ঞাসাবাদও করা হয় বলে জানা গিয়েছে।
Leave a Comment