আমেরিকায় দীপাবলির অনুষ্ঠানে ঢুকে বিক্ষোভ, হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক স্লোগান

By Suman Debnath

November 8, 2026 5:35 PM

আমেরিকায় দীপাবলির অনুষ্ঠানে ঢুকে বিক্ষোভ, হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক স্লোগান


আমেরিকার সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে ঢুকে হিন্দু ও ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করল একদল উগ্র দক্ষিণপন্থী। স্থানীয় সময় শনিবার কট্টর দক্ষিণপন্থী মার্কিন কর্মী জেক ল্যাংয়ের নেতৃত্বে একদল বিক্ষোভকারী জোর করে অনুষ্ঠানে ঢুকে পড়ে। হাতে ছিল বর্ণবিদ্বেষী প্ল্যাকার্ড। কপালে টিপ বা তিলক পরা ভারতীয়দের অপমান করতে ‘ডটহেডস’ শব্দ ব্যবহার করে তাঁদের আমেরিকা থেকে তাড়ানোর দাবি জানানো হয়।

খ্রিস্টানদের জায়গায় হিন্দুদের প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও বিদ্বেষমূলক স্লোগান দেয় তারা। শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত মানুষজনই প্রতিবাদ করে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেন। সংগঠনের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, কর্মী জেক ল্যাং এবং টমাস অ্যালেন একটি হিন্দু দীপাবলি উদ্‌যাপনের অনুষ্ঠানে জোর করে ঢুকে পড়েন। তাঁদের সঙ্গে থাকা কয়েকজনের হাতে ছিল ‘ডটহেডদের দেশ থেকে তাড়াও’ এবং ‘খ্রিস্টানদের জায়গায় হিন্দুদের প্রতিষ্ঠা বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড।

আরও পড়ুন:  ‘সন্ত্রাসের ঘাঁটিতে ভারতের আঘাতের প্রতিধ্বনি শুনেছে গোটা বিশ্ব’, অস্ট্রেলিয়ার মাটিতে মোদীর ‘অপারেশন সিঁদুর’

এই ঘটনার নিন্দা করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, অন্য দীপাবলির অনুষ্ঠানেও গোলমাল পাকানোর হুমকি দিয়েছেন ওই কর্মীরা। উত্তর আমেরিকার হিন্দু জোট (কোহনা) এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের আশঙ্কা, সিয়াটল ও আশপাশের এলাকায় আরও কয়েকটি দীপাবলির অনুষ্ঠানে গোলমাল পাকানোর পরিকল্পনা রয়েছে ওই বিক্ষোভকারীদের। তাই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।

একাধিক মার্কিন রাজনীতিকও এই ঘটনার নিন্দা করেছেন। তাঁদের বক্তব্য, দীপাবলি আলো, পরিবার ও আনন্দের উৎসব। সেখানে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। জেক ল্যাং ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামে একটি সংগঠনের প্রধান। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার বছর কারাবাসের পর ২০২৫-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদান্যতায় ক্ষমা করে দেওয়া হয় তাঁকে।

ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন কয়েকদিন আগেই শিকাগোর কাছে একটি হিন্দু মন্দিরে হামলার ছক কষার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মন্দিরে গণহত্যার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, ধৃত আলেকজান্দ্রোস পাপোরাকিস নাৎসি মতাদর্শে বিশ্বাসী।

আরও পড়ুন:  ‘রক্তের বদলে রক্ত’, ইরানের বিলবোর্ডে ট্রাম্পের পরিবারের সদস্যদের কফিনের ছবি

অন্যদিকে, দীপাবলি উপলক্ষে হোয়াইট হাউসেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ট্রাম্প। ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা বিশাল গোন্দাল ও শেফ বিকাশ মেহতার মতো বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে উৎসবে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে উপহার দেওয়া হয় হনুমান চালিসার একটি কপি।

আরও পড়ুন: ইরানের স্থলপথে অস্ত্র পাচার রুখতে ‘আয়রন গেট’ টাস্কফোর্স গড়ল আমেরিকা 

ওয়াশিংটন রাজ্যের গভর্নর বব ফার্গুসনও রাজ্যের বিধানসভা ভবনে ভারতীয় কনসাল জেনারেল ও রাজ্য সেনেটর মানকা ধিংরার সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেন। এদিকে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আগামী ৩ জানুয়ারি ক্যাপিটলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন ল্যাং।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment