কালীপুজোর প্রাক্কালে অবশেষে রাজ্যে মিলল আবহাওয়া বদলের ইঙ্গিত। ফুরফুরে হাওয়া দিতে শুরু করেছে। আর ভোরে ঠাণ্ডার আমেজে অনুভব করা যাচ্ছে। জাঁকিয়ে শীতের অপেক্ষা শুরু হয়েছে বলা যেতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার থেকেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তার ফলে ভোর এবং রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের অনুভূতি হতে পারে। বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কেমন সেই পূর্বাভাস? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কালীপুজো মিটলেই আবার ভিজবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসমের ঘূর্ণাবর্তের প্রভাব পড়শি রাষ্ট্র বাংলাদেশের উপরেও পড়েছে। তার জেরেই সপ্তাহের শুরুতে রাজ্যের নানা জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনও আশঙ্কা নেই। আগামী ২৪ ঘণ্টায় মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে রাতের দিকে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।
রবিবার কালীপুজোর দিন শুকনো আবহাওয়া থাকবে। সোমবার থেকেই আবহাওয়ার বদল শুরু হবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে পরবর্তী দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। কিন্তু তার পরের দু’দিনে রাতের তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাছাড়া ঘূর্ণাবর্ত কেটে গেলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে আবহবিদরা মনে করছেন। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি। এদিন বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। আকাশ পরিষ্কার থাকবে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১০ নভেম্বর থেকে আবহাওয়ায় নতুন করে বদলের সম্ভাবনা আছে। ওই দিন মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
Leave a Comment