কালীপুজোয় ঠাকুর দেখতে যেতে আর কোনও অসুবিধা রউল না। দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ৮ নভেম্বর, রবিবার ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে বিশেষ সময়সূচি অনুযায়ী মেট্রো পরিষেবা মিলবে। দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার জন্য ব্লু লাইনে বাড়ানো হচ্ছে বাড়তি পরিষেবা। একইভাবে গ্রিন লাইনেও বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। সকাল ৯টার আগে থেকেই শুরু হবে পাতালপথের পরিষেবা। রাতেও পাওয়া যাবে বাড়তি মেট্রো বলে খবর।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম যেতে প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৫৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৮টায় মিলবে। আর রাতে শেষ মেট্রো রাত ১১টায়। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো মিলবে সকাল ৮টায়। আর শেষ মেট্রো রাত ১১টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো সকাল ৮টায়। শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে। আর গ্রিন লাইনে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ১১১টির পরিবর্তে ১২৩টি মেট্রো চলবে।
মেট্রো কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে ৮ নভেম্বর মোট ১৫২টি মেট্রো চলবে। তার মধ্যে ৭৬টি আপ এবং ৭৬টি ডাউন পরিষেবা থাকবে। সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও ওই দিন সকাল ৭টা ৫৪ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোও সকাল ৮টায় মিলবে। রাতেও বাড়ানো হচ্ছে ব্লু লাইনের পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। আর গ্রিন লাইনে শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ, দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। তাছাড়া ইয়েলো লাইন নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর রুটে ৭৮টি মেট্রো চলবে। সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। সকাল ৯টা ১৮ মিনিটে প্রথম মেট্রো এবং শেষ মেট্রো রাত ৯টা। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে। আর শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে। তবে পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য রবিবারের মতো বন্ধ থাকবে। কালীপুজোয় মণ্ডপ এবং মন্দির দর্শনে বেরোনোর আগে মেট্রোর সময়সূচি দেখে নিলে সুবিধা হবে।
Leave a Comment