দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

By Suman Debnath

November 6, 2026 6:45 PM

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ


শুধু ক্রিকেটের ইতিহাস তুলে ধরা নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচিতি ও ব্যক্তিত্বকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে! ‘দূসরা’ ছবিকে ঘিরে সৌরভের দায়ের করা মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের। তবে এখনই ছবির প্রদর্শন বন্ধ করার নির্দেশ দেয়নি আদালত। বদলে ছবির শুরু ও শেষে উপযুক্ত সতর্কীকরণ বা ‘ডিসক্লেমার’ যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাতাদের ২ কোটি টাকার নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টিও জমা দিতে বলেছে বিচারপতি তেজস কারিয়া।

শুক্রবার আদালত জানায়, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ‘দূসরা’ ছবির নির্মাতারা অনুমতি ছাড়াই সৌরভের পরিচিতি ও ব্যক্তিত্বকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করেছেন। আদালতের পর্যবেক্ষণ, ছবিটি কেবল ঐতিহাসিক ঘটনার পুনর্নির্মাণে সীমাবদ্ধ নেই। বরং সৌরভের পরিচিতি ও ব্যক্তিত্বকে ছবির বাণিজ্যিক আকর্ষণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। ফলে তাঁর ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আদালতের নির্দেশ, ছবির শুরুতে এবং শেষে হিন্দি ও ইংরেজি—দু’টি ভাষাতেই স্পষ্ট ভাবে ‘ডিসক্লেমার’ বা সতর্কীকরণ দেখাতে হবে। সেখানে জানাতে হবে, ছবিতে সৌরভের পরিচিতি বা ব্যক্তিত্ব ব্যবহারের জন্য তাঁর সম্মতি নেওয়া হয়নি। তাঁর নাম বা পরিচিতির ব্যবহারকে কোনও ভাবেই তাঁর স্বীকৃতি কিংবা সম্মতি বলে ধরে নেওয়া যাবে না। ছবির শুরুতে পাঁচ সেকেন্ড এবং শেষে দু’সেকেন্ড এই সতর্কীকরণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। দু’দিনের মধ্যে তা কার্যকর করতে হবে নির্মাতাদের।

আরও পড়ুন:  রাশিয়াকে চাপে রাখতে ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সই ট্রাম্পের

পাশাপাশি, আদালতের রেজিস্ট্রারের কাছে দু’সপ্তাহের মধ্যে ২ কোটি টাকার নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে। এই শর্তগুলি না মানলে ছবির প্রদর্শন, বণ্টন, স্ট্রিমিং এবং বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার নির্দেশ কার্যকর করা হতে পারে।

বিতর্কের সূত্রপাত ‘দূসরা: ইন্ডিয়া’স আদার ফ্রিডম স্ট্রাগল’ ছবির প্রচার ঘিরে। অভিষেক দেও পরিচালিত এই ছবিটি গত ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবির প্রচারে ভারতের ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের প্রসঙ্গ এবং লর্ডসের ব্যালকনিতে সৌরভের জামা খুলে ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্তকে তুলে ধরা হয়েছিল।

সৌরভ ও লভ ফিল্মসের অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর নাম, পরিচিতি, ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং ব্যক্তিত্বকে ছবির প্রচার ও বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এতে দর্শকদের মনে ছবিটির সঙ্গে সৌরভের যোগসূত্র রয়েছে, এমন ধারণাও তৈরি হতে পারে। শুধু তাই নয়, লভ ফিল্মসের সঙ্গে সৌরভের চুক্তি অনুযায়ী তাঁর জীবন ও ক্রিকেটজীবন নিয়ে অনুমোদিত জীবনীচিত্র তৈরির স্বত্বও রয়েছে সংস্থাটির হাতে। সেই ছবির নাম ‘দাদা— দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’। আগামী বছর ১৪ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন:  নিট ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, তবে শর্ত মানবে না সরকার

অন্য দিকে, ‘দূসরা’-এর নির্মাতাদের দাবি, এটি সৌরভের জীবনীচিত্র নয়। রাজস্থানের এক সাধারণ পরিবারের মেয়েকে ঘিরে তৈরি কাল্পনিক কাহিনি, যেখানে সৌরভের ক্রিকেটজীবনের কিছু ঘটনা অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০০২-এর ন্যাটওয়েস্ট সিরিজের ম্যাচের ফুটেজ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।

তবে আপাতত আদালতের পর্যবেক্ষণ সৌরভের পক্ষেই গেল। ছবির প্রদর্শন বন্ধ না হলেও, তাঁর ব্যক্তিত্বের বাণিজ্যিক ব্যবহার নিয়ে নির্মাতাদের উপর কড়া শর্ত চাপাল দিল্লি হাই কোর্ট। মামলার চূড়ান্ত নিষ্পত্তি অবশ্য এখনও হয়নি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment