১২,৬৬৮ কোটি টাকা ঋণখেলাপি! ভিডিয়োকনের প্রাক্তন কর্ণধার বেণুগোপাল ধুতকে দেউলিয়া ঘোষণা এনসিএলটির

By Suman Debnath

November 6, 2026 6:00 PM

১২,৬৬৮ কোটি টাকা ঋণখেলাপি! ভিডিয়োকনের প্রাক্তন কর্ণধার বেণুগোপাল ধুতকে দেউলিয়া ঘোষণা এনসিএলটির


ভিডিয়োকন ইন্ডাস্ট্রিজের প্রাক্তন প্রোমোটার ও পরিচালক বেণুগোপাল নন্দলাল ধুতকে দেউলিয়া ঘোষণা করল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)। ভারতীয় স্টেট ব্যাংকের (এসবিআই) ১২,৬৬৮ কোটি টাকা ঋণখেলাপির মামলায় মুম্বই বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ধুতের বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া পরিচালনার জন্য একজন দেউলিয়া ট্রাস্টিও নিয়োগ করেছে ট্রাইব্যুনাল।

ভিডিয়োকন ইন্ডাস্ট্রিজের জন্য এসবিআই এবং তার তৎকালীন সহযোগী ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণের ব্যক্তিগত গ্যারান্টার ছিলেন ধুত। পরবর্তী সময়ে ওই সহযোগী ব্যাঙ্কগুলি এসবিআইয়ের সঙ্গে মিশে যায়। বৃহস্পতিবার জারি করা নির্দেশে এনসিএলটির দুই সদস্যের বেঞ্চ ধুতকে দেউলিয়া ঘোষণা করে।

পাশাপাশি, ধুতের পাওনাদারদের কাছ থেকে দাবিপত্র আহ্বান করতে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাঁর সম্পত্তি পাওনাদারদের মধ্যে বণ্টনের প্রক্রিয়াও শুরু হবে। নির্দেশ অনুযায়ী, দেউলিয়া প্রক্রিয়া শুরুর তারিখ থেকে সাত দিনের মধ্যে নিজের আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ নির্ধারিত বিন্যাসে দেউলিয়া ট্রাস্টির কাছে জমা দিতে হবে ধুতকে।

আরও পড়ুন:  জোড়া ঘূর্ণিঝড়ের দাপট সামলে রোল মডেল হয়ে উঠেছে ভারত, প্রশংসায় পঞ্চমুখ ডব্লিউএমও

এনসিএলটির নির্দেশ, নিয়োগ করা ট্রাস্টিকে ৯০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল এবং ঋণদাতাদের কমিটির কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে হবে। এর পর প্রতি তিন মাস অন্তর প্রক্রিয়ার অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন পেশ করতে হবে।

বিচার বিভাগীয় সদস্য বিনয় গোয়েল এবং কারিগরি সদস্য চরণজিৎ সিং গুলাটিকে নিয়ে গঠিত বেঞ্চ ১২ পাতার নির্দেশে জানিয়েছে, দেউলিয়া ও ঋণখেলাপি সংক্রান্ত বিধির ১৩৮ নম্বর ধারায় নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ধুতের বিরুদ্ধে ব্যবস্থা চলবে। ঋণ থেকে তাঁকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে।

উল্লেখ্য, ভিডিয়োকন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ভিআইএল) স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রাভাঙ্কোর, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের অ্যান্ড জয়পুর এবং স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা-সহ এসবিআই ও তার তৎকালীন সহযোগী ব্যাঙ্কগুলি থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল। কয়েকটি ঋণচুক্তিতে ভিডিয়োকন টেলিকমিউনিকেশনস লিমিটেড (ভিটিএল) সহ-ঋণগ্রহীতা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় সংস্থাটি।

আরও পড়ুন:  বিজেপির আইটি সেল নিয়ে ভিডিও, আট বছর পরে সমন ধ্রুব রাঠীকে

এসবিআইয়ের আবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা-সহ মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৬৬৮.০৬ কোটি টাকা। সেই বকেয়া আদায়ের প্রক্রিয়াতেই এ বার ভিডিয়োকনের প্রাক্তন কর্ণধার ধুতের বিরুদ্ধে দেউলিয়া সংক্রান্ত পদক্ষেপ করল এনসিএলটি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment