৫ নভেম্বর মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana)। রামরূপী রণবীর কাপুর হোক বা রাবণের ভূমিকায় যশ, প্রচারঝলকের সুবাদে আগেভাগেই চর্চার শিরোনামে নাম লিখিয়েছিলেন। কিন্তু হনুমানের চরিত্রে বলিউডের ‘গদর’ অভিনেতা সানি দেওলকে (Sunny Deol) কেমন লাগবে? তা দেখার অপেক্ষায় চাতক পাখির দশা হয়েছিল দর্শককুলের। প্রথমভাগের মুক্তিতে শেষমেশ সেই অপেক্ষার অবসান। ‘রামায়ণ: পার্ট ওয়ান’ থেকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ‘হনুমান’ সানির দৃশ্য। যা নিয়ে নেটভুবনেও লম্ফঝম্ফ কম হচ্ছে না!
‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর অন্যতম সারপ্রাইজ যে সানি দেওলের এন্ট্রি, তা বলাই বাহুল্য। তবে নির্মাতারা ছবির একেবারে শেষপাতে পোস্ট ক্রেডিটে রেখেছেন সেই দৃশ্য। যেখানে বজরংবলীর বেশে শ্রীরামের জয়ধ্বনি দিতে দিতে সানিকে শূন্যে উড়তে দেখা যায়। পৌরাণিক মহাকাব্য অনুযায়ী, রামের বনবাস এবং সীতা়হরণের পরই কাহিনিতে হনুমানের আগমন ঘটে। নীতেশ তিওয়ারির সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কারণ সীতাহরণ, জটায়ুর মৃত্যুর পরই ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর গল্প শেষ হচ্ছে। আর ঠিক এইসময়েই সিনেমার শেষ সিকোয়েন্সে হনুমানের আবির্ভাব। যা দেখে দর্শকের করতালি, সিটির আওয়াজে প্রেক্ষাগৃহের গর্ভগৃহ ভরে ওঠার জোগাড় হয়েছিল। তবে হনুমানের এন্ট্রি দেখালেও সানি দেওলের লুক প্রকাশ্যে আনা হয়নি। অতঃপর দর্শক-অনুরাগীদের দুধের সাধ ঘোলেই মেটাতে হয়েছে। কিন্তু তাতে কী? এও কি কম পাওনা? নেটপাড়ার উল্লাস অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। আর দর্শক, অনুরাগীদের এহেন উচ্ছ্বাস দেখেই এদিন ছবির ‘হনুমান চালিশা’ গানটি প্রকাশ্যে আনলেন নির্মাতারা। যে গানে কণ্ঠ দিয়েছেন সুখবিন্দর সিং, দিলজিৎ দোসাঞ্ঝ, মোহিত চৌহান, শঙ্কর মহাদেবন এবং কৈলাশ খেরের মতো তাবড় গায়করা।
লম্ফঝম্ফতে ওস্তাদ সানি দেওল। গর্জনেও তাঁকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তার উপর ঢাঁই কিলো কা হাত! এমন বলিউডি নায়কই যে হনুমান হিসেবে পারফেক্ট, তা বলাই বাহুল্য। ‘রামায়ণে’র দ্বিতীয় ভাগের গল্প যে হনুমানকে ঘিরেই এগোবে, সিনেমার শেষে আগাম আভাস দিলেন নির্মাতারা। আর সেই দৃশ্যই বর্তমানে নেটভুবনে ঝড় তুলে দিয়েছে। বলিপাড়ায় ফিসফাস, বজরংবলীর চরিত্রে অভিনয় করার জন্য প্রযোজনা সংস্থার কাছে ৪৫ কোটি টাকা চেয়ে বসেছেন সানি। যদিও সেই বিষয়ে এযাবৎকাল মুখ খোলেননি অভিনেতা।
Leave a Comment