কলকাতার গণ্ডি পেরিয়ে এ বার দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতেও মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়ার ভাবনা রাজ্য সরকারের। ডায়মন্ড হারবার থেকে সরাসরি এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সংযোগ গড়ে তোলার পরিকল্পনা করছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ ২৪ পরগনার বহু মানুষের কলকাতায় যাতায়াত অনেক সহজ হবে। কমবে যানজটের ভোগান্তিও। যদিও গোটা বিষয়টি এখনও পরিকল্পনার স্তরে রয়েছে।
শুধু মেট্রো নয়, কলকাতা ও হাওড়াকে ঘিরে গঙ্গার দুই পাড়ের সামগ্রিক ভোল বদলানোরও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবারের এক বৈঠকে এ নিয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। গঙ্গার দুই তীর বরাবর চার লেনের সড়ক তৈরির ভাবনা রয়েছে। পাশাপাশি পথচারী ও সাইকেল চালকদের জন্য রাখা হবে পৃথক রাস্তা। গঙ্গার ধারের ঐতিহাসিক ঘাট এবং প্রাচীন মন্দিরগুলির সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের উপরেও জোর দেওয়া হচ্ছে।
এদিকে, নবদ্বীপ ও মায়াপুরকে আন্তর্জাতিক মানের আধ্যাত্মিক ও তীর্থপর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই লক্ষ্যে নবদ্বীপ পুরসভার সঙ্গে একটি সমঝোতাপত্রও স্বাক্ষরিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থী ও পর্যটকদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, বাংলার ঐতিহ্যকে মর্যাদা দিয়ে আধুনিক পরিকাঠামো ও উন্নত নাগরিক পরিষেবার মাধ্যমে কলকাতা, হাওড়া এবং নবদ্বীপকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।
অন্যদিকে, কলকাতার পুরনো পরিচয় ও ঐতিহ্য বজায় রেখেই শহরকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। কলেজ স্ট্রিটের বইপাড়া এবং চায়না টাউনকে আন্তর্জাতিক মানের পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলার নীল নকশাও প্রায় তৈরি। পাশাপাশি হকারদের পুনর্বাসনের জন্য আধুনিক দোকান তৈরির ভাবনাচিন্তা চলছে। ফুড পার্ক, বাজার এবং অস্থায়ী দোকানের পরিকাঠামো গড়ে তুলে ব্যবসার সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
সব মিলিয়ে মেট্রো সম্প্রসারণ থেকে গঙ্গার দুই পাড়ের সৌন্দর্যায়ন, নবদ্বীপ-মায়াপুরের পর্যটন পরিকাঠামো উন্নয়ন থেকে কলকাতার ঐতিহ্যবাহী এলাকাগুলির আধুনিকীকরণ—একাধিক পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পগুলির বাস্তবায়ন কবে শুরু হবে, এখন সেদিকেই নজর।
Leave a Comment